স্কুটার পার্কিং নিয়ে বাগবিতণ্ডা, বন্ধুকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে স্কুটার পার্কিং নিয়ে সামান্য বাগবিতণ্ডার জেরে নিজ বাড়ির সামনে বন্ধুদের হাতে এক যুবক নৃশংসভাবে খুন হয়েছেন। নিহত ২৭ বছর বয়সী ওই যুবকের নাম অমিত সভারওয়াল। গত শুক্রবার রাতে অমৃতসরের আনন্দ অ্যাভিনিউ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতের বাবার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার বাসিন্দা ও অমিতের বন্ধু তিন ভাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে গেট হকিমা থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত অমিত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে বাড়ি ফেরেন। ওই সময় গলিতে একটি ‌‘হোন্ডা অ্যাক্টিভা’ স্কুটার রাখা নিয়ে অভিযুক্ত বন্ধুদের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। তর্কাতর্কির একপর্যায়ে অভিযুক্তদের একজন অভি শাহ হঠাৎ একটি দেশি পিস্তল বের করে অত্যন্ত কাছ থেকে অমিতের দিকে পর পর ছয় রাউন্ড গুলি ছোড়েন। এর মধ্যে দুটি গুলি অমিতের মাথায় এবং দুটি তার কোমর ও পায়ে গিয়ে লাগে।

ঘটনার সময় ঘরের ভেতরে থাকা অমিতের পরিবারের সদস্যরা গুলির শব্দকে আতশবাজির শব্দ ভেবে ভুল করেছিলেন। কিন্তু পরে কৌতূহলবশত বাইরে এসে তারা অমিতকে রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে থাকতে দেখেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত তিন ভাই অভি শাহ, সানি শাহ ও রিতিক শাহ পলাতক রয়েছেন। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের গ্রেফতারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

এই ঘটনার পর রাজ্য সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি নেতা রভনীত সিং বিটু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে লেখেন, নিজের বাড়ির দোরগোড়াতেও যখন নাগরিকরা নিরাপদ নন, তখন তা প্রশাসনের চরম ব্যর্থতাকেই সামনে আনে। তিনি মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে মিথ্যা প্রচার বন্ধ করে রাজ্যের জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি পাঞ্জাবে এই ধরনের সহিংস অপরাধের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ৩ অক্টোবর অমৃতসরেই কোয়ার সম্প্রদায়ের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মধুসূদন ‘ম্যাড’ সানধুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া মানসায় মাদকবিরোধী আন্দোলনকারী পারভিন্দর সিং ঝোটা এবং বাটালায় বিক্রমজিৎ সিং নামের অপর এক ব্যক্তিকে একইভাবে হত্যা করা হয়। পরপর কয়েকটি নৃশংস হত্যাকাণ্ডের কারণে পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যজুড়ে সর্বসাধারণের ক্ষোভ ও রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights