স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের গ্রুপপর্বের শেষ ম্যাচে এসে জমে উঠেছে ‘এইচ’ গ্রুপের সমীকরণ। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে এখনও টিকে আছে গ্রুপের চার দলই। ফলে শেষ ম্যাচের ফলেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন কে হচ্ছে, আর কারা জায়গা করে নেবে পরের পর্বে।

আগামীকাল শনিবার সকালে মেক্সিকোর গুয়াদালাহারায় মুখোমুখি হতে যাচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়া এই ম্যাচটির ওপর ঝুলে আছে নকআউট পর্বের ভাগ্য। কারণ, এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে শেষ ষোলোতে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে দলগুলোকে। একই সময়ে অন্য ম্যাচে হিউস্টনে মাঠে নামবে সৌদি আরব ও কেপ ভার্দে।

বর্তমানে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। অন্যদিকে দুটি ম্যাচই ড্র করে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। ফলে দুই দলের সামনেই রয়েছে গ্রুপসেরা হওয়ার সুযোগ। আসর ড্র দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে স্পেন। গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারের চোটের শঙ্কা কেটে গেলেও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সতর্ক অবস্থানে রয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। উরুগুয়ের বিপক্ষে পরিসংখ্যানও স্পেনের পক্ষেই কথা বলছে, যেখানে লাতিন আমেরিকার এই প্রতিপক্ষের বিপক্ষে ৭৬ বছরের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে কখনও হারেনি তারা।

তবে মার্সেলো বিয়েলসার উরুগুয়ের জন্য ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। নকআউটে যেতে হলে তাদের অন্তত ড্র করতে হবে। সে ক্ষেত্রে তারা পরের পর্বে জায়গা নিশ্চিত করলেও নকআউটে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে শক্তিশালী ইংল্যান্ড। অন্যদিকে স্পেনকে হারাতে পারলে ইতিহাস গড়ার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথ খুলে যাবে উরুগুয়ের সামনে। আর তেমনটা হলে নকআউট পর্বে স্পেনের প্রতিপক্ষ হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এদিকে এই গ্রুপে চমক জাগানো কেপ ভার্দের সামনেও রয়েছে শীর্ষস্থান দখলের সুযোগ। সৌদি আরবকে হারাতে পারলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করবে তারা। তবে সেই ফল হলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে সৌদি আরবকে। সব মিলিয়ে ‘এইচ’ গ্রুপের শেষ দিনটি হতে যাচ্ছে চরম রোমাঞ্চে ভরা, যেখানে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত সমীকরণের হিসাব বদলাতে পারে বারবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights