হুথি হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা, আলোচনায় আগ্রহী ইরান
অনলাইন ডেস্ক
ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুথিদের ক্রমবর্ধমান হামলার জেরে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের জন্য নিজেদের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইয়েমেনের এডেন শহরের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা।
অন্যদিকে, একটি চুক্তি ভেস্তে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙুল তুললেও নতুন করে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরান-সমর্থিত হুথিদের আঞ্চলিক আগ্রাসন বৃদ্ধির হুমকির কারণে এই নতুন নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। হালনাগাদ করা সতর্কতার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, লেবানন ও ইসরায়েল। গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেলের স্থাপনাগুলোতে হুথিদের ধারাবাহিক হামলার পরই যুক্তরাষ্ট্র এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।
এদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে নতুন করে হামলা চালিয়েছে হুথিরা। সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছে, তারা এডেনের আল-নাসর ক্যাম্প এবং নৌবাহিনীর একটি সামরিক ঘাঁটিতে এই হামলা চালিয়েছে। এর আগে ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ও জানিয়েছিল যে, এডেন শহর লক্ষ্য করে হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ বিষয়ে নতুন তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে এই সামরিক উত্তেজনার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি চুক্তিটি চূড়ান্ত করতে নতুন করে উদ্যোগ নেওয়ার পক্ষে মত দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, তাদের মধ্যে আলোচনা চলছিল, কিন্তু মার্কিনিরা সবকিছু নষ্ট করে দিয়েছে। তা সত্ত্বেও তিনি মনে করেন, চুক্তিটি সম্পন্ন করার জন্য তাদের আবার এগিয়ে যাওয়া উচিত।
