৩৪ দিনেও কাটেনি চুয়েটের অচলাবস্থা, ক্লাসে ফিরতে চান শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হওয়া অচলাবস্থা ৩৪ দিনেও কাটেনি। এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখলেও শিক্ষাজীবনের ক্ষতি এড়াতে ক্লাসে ফিরতে চান শিক্ষার্থীরা। এ জন্য দ্রুত শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছেন তাঁরা।

রবিবার (২৫ অক্টোবর) চুয়েটের শিক্ষার্থীরা শিক্ষকদের উদ্দেশে এ খোলা চিঠি দেন। অন্যদিকে, আগামী বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) গঠিত পরামর্শক কমিটি ক্যাম্পাস সরেজমিন পরিদর্শন এবং সকল অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে।

চিঠিতে শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিনের চলমান আন্দোলন ও অচলাবস্থায় আমাদের শিক্ষাজীবন ক্রমাগত পিছিয়ে পড়ছে। আমরা আর আমাদের শিক্ষা ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে চাই না। আমরা ক্লাসে ফিরতে চাই, একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করতে চাই। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত ক্লাসে ফেরার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আবেদন জানাচ্ছি।’

তবে ক্লাসে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও আন্দোলন থেকে সরে আসছেন না বলে স্পষ্ট করেছেন শিক্ষার্থীরা। চিঠিতে তাঁরা বলেন, ‘ক্লাসে ফিরতে চাওয়া মানে আমাদের আন্দোলন থেকে সরে আসা নয়। এটি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলন। আমাদের এক দফা দাবি—ড. সায়েম স্যারকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

চিঠিতে আরও বলা হয়, অনলাইনে নিয়োগপ্রাপ্ত উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করলে চুয়েট আবারও কঠোর আন্দোলনে উত্তাল হবে। যৌক্তিক দাবি আদায়ে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবেন।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা সংঘাত চাই না, সমাধান চাই। আমরা অচলাবস্থা চাই না, ক্লাসে ফিরতে চাই। আমাদের শিক্ষাজীবন সচল হোক, একই সঙ্গে আমাদের ন্যায্য দাবিও পূরণ হোক—এটাই আমাদের প্রত্যাশা।’

পরামর্শক কমিটির ক্যাম্পাস পরিদর্শন
চুয়েট সমস্যা নিরসনে ইউজিসির গঠিত পরামর্শক কমিটি আগামী বুধবার ক্যাম্পাস সরেজমিনে পরিদর্শন এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে। রবিবার কমিটির সদস্য সচিব ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, চুয়েটের বিদ্যমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরারম্ভ করার নিমিত্ত সুনির্দিষ্ট সুপারিশমালা প্রদানের জন্য ইউজিসির গঠিত পরামর্শক কমিটি আগামী ২৮ অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চুয়েট সরেজমিনে পরিদর্শন এবং অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে। এর মধ্যে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষকদের সঙ্গে, ১১টা ৩০ থেকে ১টা ৩০ পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে, ২টা ৩০ থেকে ৩টা পর্যন্ত কর্মকর্তাদের সঙ্গে এবং ৩টা ৩০ থেকে ৪টা পর্যন্ত কর্মচারিদের সঙ্গে পরামর্শক কমিটি মতবিনিময় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights