৬৩ আলোকবর্ষ দূর থেকে এল রেডিও সংকেত, আসলে কী ঘটছে ওই গ্রহে?
অনলাইন ডেস্ক
সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে প্রথমবারের মতো সরাসরি রেডিও সংকেত শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবী থেকে প্রায় ৬৩ আলোকবর্ষ দূরে থাকা গ্যাসীয় গ্রহ বিটা পিক্টোরিস বি’ থেকে পাওয়া এই সংকেত কোনো বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের প্রমাণ নয়। বরং এর মাধ্যমে গ্রহটির অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের উপস্থিতির ইঙ্গিত মিলেছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক ইডো বার্জার বলেন, রেডিও সংকেতের কথা শুনলে ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর অনুসন্ধানের কথা মনে হতে পারে। তবে এটি সম্পূর্ণ ভিন্ন ঘটনা।
গবেষকদের ধারণা, গ্রহটির চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত অরোরা বা মেরুপ্রভার কারণে এই রেডিও তরঙ্গ তৈরি হচ্ছে। পৃথিবীর মেরুপ্রভার মতোই এ ক্ষেত্রে আধানযুক্ত কণার সঙ্গে চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়া থেকে আলো ও রেডিও তরঙ্গ তৈরি হয়।
১৫ সেপ্টেম্বর ‘আর্ক্সিভ’ প্রিপ্রিন্ট প্ল্যাটফর্মে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, বিটা পিক্টোরিস বি বৃহস্পতির চেয়ে প্রায় ১২ গুণ বেশি ভরের একটি গ্যাসীয় গ্রহ। গবেষকদের হিসাবে, এর চৌম্বক ক্ষেত্র বৃহস্পতির চৌম্বক ক্ষেত্রের চেয়ে **অন্তত ২০০ গুণ শক্তিশালী**।
গবেষণায় দক্ষিণ আফ্রিকায় অবস্থিত MeerKAT রেডিও টেলিস্কোপের ৬৪টি অ্যান্টেনা ব্যবহার করা হয়। এর আগে বহির্গ্রহ থেকে রেডিও নির্গমনের সম্ভাব্য ইঙ্গিত পাওয়া গেলেও সেগুলোর উৎস গ্রহ নাকি তার নক্ষত্র, তা নিশ্চিত করা যায়নি। এবার গবেষকেরা সংকেতটির উৎস সরাসরি গ্রহটির সঙ্গে যুক্ত করতে পেরেছেন।
তবে গবেষণাটি এখনো সহকর্মী গবেষকদের পর্যালোচনার মধ্য দিয়ে যাচ্ছে। ফলে চূড়ান্তভাবে আবিষ্কারটি নিশ্চিত হতে আরও যাচাই প্রয়োজন।
গবেষকদের মতে, বহির্গ্রহের চৌম্বক ক্ষেত্র ও বায়ুমণ্ডল সম্পর্কে জানতে এই ধরনের রেডিও পর্যবেক্ষণ নতুন সুযোগ তৈরি করতে পারে। গবেষণাটির দল ইতিমধ্যে গ্রহটি নিয়ে আরও পর্যবেক্ষণের জন্য অতিরিক্ত টেলিস্কোপ সময় চেয়েছে।
সূত্র: সিএনএন
