৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র একজন শিক্ষার্থী। তবে সেই একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

কলেজে আটজন শিক্ষক থাকলেও একমাত্র শিক্ষার্থীর পাস না করার ঘটনায় কলেজটির শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

কলেজের অধ্যক্ষ মো. ফারুক ইকবাল জানান, ২০০২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বোর্ড থেকে সীকৃতি পায় ২০০৪ সালে। তবে দীর্ঘ সময় পার হলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে কলেজটিতে আটজন শিক্ষক রয়েছেন। কিন্তু নিজস্ব কোনো পাকা একাডেমিক ভবন নেই। টিনশেড ঘরেই চলছে পাঠদান।

তিনি বলেন, এমপিওভুক্ত না হওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে কলেজটিতে ভালো মানের শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন কমেছে শিক্ষার্থীর সংখ্যা। রাজু হোসাইন মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও কলেজটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থী সংকটের সমাধান হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights