অনলাইন ভার্সন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় মার্কিন ঘাঁটিতে প্যাট্রিয়ট পাঠাল গ্রিস
অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালি নিয়ে বাড়াবাড়ি করলে ইউরোপে মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপদ থাকবে না। ইরানের এমন হুমকির পরই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে গ্রিস। দেশটির সামরিক বাহিনী সোমবার তাদের ‘প্যাট্রিয়ট’ মিসাইল ইন্টারসেপ্টর ব্যবস্থা ক্রেট দ্বীপে স্থানাস্তরিত করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রিসের পূর্বাঞ্চলীয় কারপাথোস দ্বীপ থেকে সরিয়ে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রেট দ্বীপে স্থাপন করা হচ্ছে। দ্বীপে অবস্থিত সুদা বে সামরিক ঘাঁটিটির আকাশ সুরক্ষাকে আরও জোরদার করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুদা বে-এর নৌ ও বিমান ঘাঁটিটি একই সাথে গ্রিক সশস্ত্র বাহিনী, মার্কিন সামরিক বাহিনী এবং ন্যাটোর যৌথ সামরিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান উত্তপ্ত নিরাপত্তা পরিস্থিতিতে সমগ্র অঞ্চলজুড়ে যৌথ মিত্রদের বিভিন্ন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ঘাঁটিটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে অত্যন্ত জরুরি বলে মনে করছে এথেন্স।
সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে ইরানি সূত্রের বরাতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হরমুজ প্রণালি ঘিরে সামরিক চাপ বৃদ্ধি করেন, তবে ইরান ইউরোপে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। উক্ত সতর্কবার্তার পরপরই সামরিক স্থানান্তরের এই খবর সামনে এলো। ইতোমধ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে প্যাট্রিয়ট ব্যবস্থা বহনকারী একটি সামরিক ট্রাককে বার্জে তোলার অপেক্ষায় থাকতে দেখা গেছে। তবে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার স্থানান্তর প্রক্রিয়ার বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: ইউরো নিউজ
