‘অন্তর্বর্তী সরকার প্রয়োজনের বেশি এক দিনও থাকতে চায় না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের সংস্কারে বিলম্ব হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় সময়কে যদি কেউ বিলম্ব মনে করে তাহলে সেটি অন্য বিষয়। এই সরকার প্রয়োজনীয় সময়ের অতিরিক্ত এক দিনও থাকতে চায় না।

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত আন্তঃস্কুল বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা এআরডির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নিজের খেয়াল খুশি যা ইচ্ছে তাই করছে না। কারণ ছাত্র-জনতার রক্তের ওপর গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে হেলাফেলা করতে পারে না। এই সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে একটি সরকার গঠনে ভালো পরিবেশ তৈরি করতে কাজ করছে। এজন্য কিছু সংস্কার প্রয়োজন। একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচিত সরকারের হাতে তুলে দিতে বর্তমান সরকার চেষ্টা করছে।
তিনি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর ডিসেম্বরের পর পরবর্তী ধাপ বুঝতে পারব। একমাত্র অন্তর্বর্তী সরকারই আছে যারা জুলাই বিপ্লবে অর্জিত নতুন বাংলাদেশ যেন পূর্বের অবস্থায় ফিরে না যায় সেজন্য কাজ করছে। পূর্বের যে অনাচার, অন্যায়, দুর্নীতি ছিল সেগুলো ঠিক করতে কাজ চলছে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার পাশাপাশি তাদের পুনর্বাসনে এই সরকার নিরলসভাবে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআরডির প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান রেজভী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সভাপতি অধ্যাপক তৌফিকুল ইসলাম।

এর আগে, মেলার উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন উপদেষ্টা ফরিদা আখতার।

মেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব থেকে ৩০টি স্টল দেওয়া হয়। এতে নিজেদের উদ্ভাবিত প্রকল্পগুলো প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights