অপরাধের কেন্দ্র হয়ে উঠছে লালমাই পাহাড়
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লালমাই পাহাড় দিনদিন অপরাধের স্বর্গ হয়ে উঠছে। এখানে হত্যা, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণের ঘটছে অহরহ। সর্বশেষ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদার সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডের পর উঠে আসে লালমাই পাহাড়ের অপরাধের নানা তথ্য। স্থানীয় একাধিক সূত্র জানায়, ২০২৩ সালে লালমাই পাহাড়ে হাতিগাড়া থেকে মেহেদী হাসান নামের এক কিশোর অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গেল বছরের ৩ ফেব্রুয়ারি পাহাড়ের চণ্ডীমুড়া থেকে শিশু রিফাত হোসেনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। গত ২৯ আগস্ট কোটবাড়ির সাধুর মুড়া এলাকায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পাহাড়ের নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ছাড়া পাহাড়ের কোলে গড়ে ওঠা সব বাড়িঘরে হরহামেশাই ঘটছে ডাকাতি, ছিনতাই ও মাদক কারবারের দ্বন্দ্বে সংঘর্ষ। রয়েছে পাহাড় ও বন বিভাগের গাছ কাটার সিন্ডিকেট। এসব ঘটনা অবিলম্বে থামানো না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা স্থানীয়দের। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমদাদুল হক বলেন, অপ্রতিমের মর্মান্তিক মৃত্যু কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম শরীফুল করীম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশপাশে কিছু রিসোর্ট আছে। সেগুলোকে কেন্দ্র করে এই এলাকায় বাইরের অনেক মানুষ আসে। মানুষের সমাগম ঘিরে মাদক ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেছেন, ‘অভিযোগগুলো নিয়ে আমরা কাজ করব। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও টহল বাড়াবে।
