অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। সোমবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষকরা। এ সময় অপ্রতিমের মা ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়।

কুবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অপ্রতিমের মায়ের দেওয়া তথ্য ও দাবিগুলো তুলে ধরেন তার সহকর্মী বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার।

ড. কামরুন নাহার বলেন, অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬) ঘটনার প্রায় ১০ দিন আগে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে বিনা বেতনে কাজ নেন। এই তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের মা।

তার দাবি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর থাকাকালে ড. নাহিদা বেগম মাদকবিরোধী অভিযানে কুমিল্লার কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। ওই দলের নেতৃত্বে মামলার আরেক আসামি সাইফুল ইসলাম তুহিন (১৯) ছিলেন বলে তিনি দাবি করেন। এই ঘটনার সঙ্গে অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

অপ্রতিমের মায়ের দ্বিতীয় দাবি, মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে। তারা প্রকৃতপক্ষে অপ্রাপ্তবয়স্ক কি না, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

তৃতীয় দাবিতে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংশোধনের কথা বলা হয়েছে।

ড. কামরুন নাহার বলেন, তিনি অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করেছেন। তার শারীরিক ও মানসিক অবস্থা খুবই খারাপ। এরপরও তিনি কয়েকটি দাবি জানিয়েছেন। তার পক্ষ হয়ে মানববন্ধনে সেসব দাবি তুলে ধরা হয়েছে।

মানববন্ধনে কুবির উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, শিক্ষক সমিতির আহ্বায়ক শামীমা নাসরিন, ইউট্যাব কুবি ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights