অবৈধ অটোরিকশার দাপটে বগুড়ায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া শহরে অবৈধ অটোরিকশার দাপটে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। অবৈধ এসব যানবাহনের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে শহরের ট্রাফিক পুলিশ। পুরো শহর জুড়ে অবৈধ ইজিবাইক, মোটা চাকার অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের দৌরাত্বে ভয়াবহ যানজট কিছুতেই কমছে না।

ফলে ভোগান্তিতে পথচারীরা। দশ মিনিটের রাস্তা পোঁছাতে সময় লেগে যাচ্ছে একঘণ্টা। এতে করে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরে চলাচলরত কয়েক লাখ মানুষের। এছাড়া অসুস্থ রোগীকে নিয়ে বিপাকে পড়তে হয় তার স্বজনদের।

জানা যায়, উত্তরাঞ্চলের ১৬টি জেলা শহরের মধ্যে বগুড়া সবচেয়ে জনবহুল নগরী। একই সাথে বাণিজ্যিক শহর বলে প্রতিদিন এ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে ব্যবসা, চিকিৎসা, শিক্ষাসহ নানা কাজে মানুষ বগুড়ায় আসেন। যার ফলে শহরে মানুষের সমাগম বেড়ে যায়। একদিকে যেমন মানুষের সমাগম অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ যানবাহনের সংখ্যা।
শহরের চলাচলরত ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক এর চালকরা ট্রাফিক আইন মানছে না। ইচ্ছামত যত্রতত্র রিক্সা স্ট্যাান্ড বসিয়ে যানজটের সৃষ্টি করছে। অবৈধ অটোরিকশার জটে অতিষ্টি সাধারণ জনগণ। এদের সংখ্যা বেড়ে যাওয়ায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দীর্ঘ যানজটে পড়তে হয়। দিনভর শহরের সাতমাথা, কবি নজরুল ইসলাম সড়ক, থানা মোড়, ঝাউতলা, বড়গোলা, টিনপট্ট্রি, দত্তবাড়ি, কাঠালতলা, ফতেহ আলী মোড়, শেরপুর সড়ক, ইয়াকুবিয়া মোড়, গোহাইল সড়ক, জলেশ্বরীতলা, কালিবাড়ি, পিটিআই লেন, এক নম্বর রেল ঘুমটি, চকযাদু সড়ক, বাদুড়তলা ক্রসলেনসহ বিভিন্ন স্থানে ব্যাপক যানজট সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর পরও বগুড়ার অবস্থা হ-য-ব-র-ল।

গত কয়েক দিন আগে নতুন নিয়মে শহরের বিভিন্ন স্থানে যানবাহন চলতে দেখা যায়। এতে শহরের সাতমাথা এলাকায় যান চলাচলে কিছুটা শৃঙ্খলা ফিরলেও আবারো ফিরে আসে যানজটের সেই পুরোনো চেহারা। এসব নিয়ন্ত্রনে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। ট্রাফিক পুলিশের নতুন নিয়ম অমান্য করে বহু যানবাহন সাতমাথায় প্রবেশ করে ব্যাপক যানজটের সৃষ্টি করছে। নতুন নিয়ম অনুযায়ী পুলিশের পক্ষ থেকে ইজিবাইকসহ মোটা চাকার অটোরিকশা সাতমাথা এলাকায় চলাচল নিষিদ্ধ করা হলেও মানছে না কেউ। এছাড়া ওই নিয়ম অনুযায়ী শহরের ইয়াকুবিয়া মোড়, শহীদ টিটু মিলনায়তনের মোড়, বিআরটিসি বাস টার্মিনালের সামনে, থানা মোড়, নবাববাড়ী মোড় এবং পুলিশ প্লাজার সামনে থেকে ইজিবাইক ও মোটা চাকার অটোরিকশা সাতমাথার দিকে আসতে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু ট্রাফিক পুলিশের এই নিয়ম যানজট নিয়ন্ত্রনে তেমন কাজে আসছে না। যে কারনে যানজটে ভয়াবহ রুপ নিয়েছে বগুড়া।

বগুড়া শহরের ব্যবসায়ী ফারুক হোসেন জানান, ব্যস্ততম এই শহরে অসংখ্য ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা। সড়কের এক পাশ থেকে অপর পাশে পার হওয়া কষ্টসাধ্য। প্রতিদিন শহরবাসি যানজটে পড়ছেন। অটোরিকশা ও ইজিবাইকগুলো বেআইনিভাবে শহরে যত্রতত্র স্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠানামা করে। যার ফলে আমাদের প্রতিদিন যানজটে পড়তে হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার জানান, জেলা পুলিশের পক্ষ থেকে শহরের যানজট নিরসনে কাজ করা হচ্ছে। যানজটের মূল কারণ হচ্ছে অধিক পরিমান অবৈধ ইজিবাইক ও অটোরিক্সা বেড়ে যাওয়া। এছাড়াও শহরের রাস্তার ধারণ ক্ষমতার অধিক যানবাহন চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়। প্রায় ৯০ হাজার থেকে এক লাখ যানবাহন চলে এই শহরে। সে তুলনায় রাস্তা নেই। অলিগলিতেও যানবাহনের ভিড় বাড়ে। উপজেলাগুলো থেকেও নতুন নতুন যানবাহন এসে শহরে ঢুকে পড়ছে। যার ফলে যানবাহন নিয়ন্ত্রন করতে গিয়ে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights