ঘুরতে শুরু করল কাঠের তৈরি বিশ্বের উচ্চতম বায়ুকল

অনলাইন ডেস্ক

কাঠের তৈরি বিশ্বের সবচেয়ে উচু বায়ুকল (উইন্ড টার্বাইন) নির্মাণ করেছে সুইডেন। দেশটির স্টার্টআপ কোম্পানি ‘মডভিয়ন’ এটি নির্মাণ করেছে। বায়ুকলটি বর্তমানে দেশটির প্রায় ৪০০ বসতবাড়িতে বিদ্যুতের জোগান দিচ্ছে।

দুই মেগাওয়াট ক্ষমতার কাঠের বায়ুকলটি গোথেনবার্গের উত্তর-পূর্বে স্কারা শহরের বাইরে অবস্থিত। বায়ুকলটি ভারভাগ এনার্জি নামক একটি কোম্পানির জন্য তৈরি করা হয়েছে।

কাঠের তৈরি বিশ্বের সবচেয়ে লম্বা এই বায়ুকলের মূল টাওয়ারটির উচ্চতা ৩৪৪ ফুট (১০৫ মিটার)। আর যদি টাওয়ারের সঙ্গে সংযুক্ত ব্লেডের (পাখা) ডগা অন্তর্ভুক্ত করা হয় তবে এর উচ্চতা দাঁড়াবে ৪৯২ ফুট (১৫০ মিটার)।

টাওয়ারটির দেওয়াল টেকসই স্প্রুস গাছের কাঠ দিয়ে তিন মিলিমিটার পুরু ১৪৪টি স্তর দিয়ে তৈরি করা হয়েছে। লম্বায় পুরো টাওয়ারটিকে মোট সাতটি অংশে ভাগ করা হয়েছে।

মডভিয়ন জানিয়েছে, বায়ুকলটি স্টিল থেকে হালকা হলেও এটি যথেষ্ট শক্তিশালী। তাছাড়া হালকা হওয়ায় রাস্তায় পরিবহন করা সহজ বলে এটি ক্রেতাদের নিকটও জনপ্রিয় হয়ে উঠেছে।

কাঠের টাওয়ারগুলো পরিবেশবান্ধব এবং কার্বন নেগেটিভ (কার্বন নিঃসরণ করে না)। এগুলো শুধু কার্বন সঞ্চয় করে না বরং সময়ের সাথে সাথে আরও শোষণও করে। আবার যখন টাওয়ারটির মেয়াদ শেষ হয়ে যাবে তখন এর দেয়ালগুলোকে শক্তিশালী বিম হিসেবে পুনরায় নির্মাণ কাজেও ব্যবহার করা যেতে পারে।

কাঠের টাওয়ারটির নির্মাণকাজ ২০২১ সাল থেকে শুরু হয়েছিল। মডভিয়ন জানিয়েছে, তারা ২০২৭ সালের মধ্যে নিজেদের কারখানা চালু করবে যেখানে বছরে একশ কাঠের বায়ুকল উৎপাদন করার লক্ষ্যমাত্রা থাকবে। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights