মাদকমুক্ত সমাজের দাবিতে দিনাজপুরে এলাকাবাসীর গণআন্দোলন ও মিছিল অনুষ্ঠিত

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর সদর উপজেলার ১০নং ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকায় মাদক নির্মূলের লক্ষে বায়তুল ইজ্জত জামে মসজিদ কমিটির আয়োজনে মাদকবিরোধী গণআন্দোলন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা মোছা. বিউটি বেগমের নেতৃত্বে এলাকার সচেতন মানুষ অংশ নেন। এ সময় বায়তুল ইজ্জত জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে “মাদকমুক্ত সমাজ চাই” এবং “মাদক বিক্রেতাদের রক্ষা নাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পাশাপাশি, এলাকাবাসীর উদ্দেশ্যে নিজেদের সন্তান ও যুবসমাজকে মাদক এবং মাদক বিক্রেতাদের হাত থেকে রক্ষা করার উদাত্ত আহ্বান জানানো হয়।
উক্ত মাদকবিরোধী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বায়তুল ইজ্জত জামে মসজিদ কমিটির সভাপতি মো. মামুনুর রশীদ (মামুন) এবং প্রচার সম্পাদক মো. সুজনসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি চলাকালে আয়োজকরা বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকাকে একটি মাদকমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তারা সরকার ও প্রশাসনের কাছে মাদক ব্যবসায়ী ও সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights