নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন, যা বললেন সানিয়া মির্জা
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর একাধিকবার নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠলেও সেসবের সত্যতা নেই বলে জানিয়েছেন সানিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। জানিয়েছেন, এখনও সিঙ্গেল রয়েছেন।
২০১০ সালে ব্যাপক আলোচনার মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। ভারত ও পাকিস্তানের দুই তারকার এই বিয়ে সে সময় দুই দেশের মানুষের মধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। তবে এক যুগের বেশি সময় পর ভেঙে যায় তাদের সংসার।
২০২৩ সালে তাদের বিচ্ছেদ হলেও বিষয়টি দীর্ঘদিন প্রকাশ্যে আসেনি। পরে শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলে সানিয়ার পরিবারের পক্ষ থেকেও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছেন সানিয়া। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সেই সময় মানসিকভাবে বড় ধাক্কা সামলাতে হয়েছে তাঁকে। এমনকি প্যানিক অ্যাটাকের অভিজ্ঞতাও হয়েছিল।
এরপর বিভিন্ন সময়ে সানিয়ার নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে সম্প্রতি কাছের বন্ধু ও পরিচালক ফারহা খানের সঙ্গে ‘ডাবল ডেট’ নামের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা দম্পতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী।
সেখানে সানিয়াকে প্রশ্ন করা হয়, শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর অনেকটা সময় পেরিয়ে গেছে। জীবনের সেই শূন্যস্থান পূরণে নতুন কাউকে খুঁজছেন কি না?
জবাবে সানিয়া বলেন, তাঁর অনেক পুরুষ বন্ধু রয়েছেন। তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানান এবং একসঙ্গে সময় কাটান। তবে এসব সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান তিনি। এখন পর্যন্ত কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়ানোর কথা ভাবেননি।
সানিয়ার এমন বক্তব্যের পর ফারহা খান জানান, অনেকেই তাঁকে প্রশ্ন করেন, সানিয়া সত্যিই সিঙ্গেল কি না। বন্ধুর কথার পর সানিয়া আরও স্পষ্ট করে বলেন, তাঁর জীবনে এখন পর্যন্ত রোমান্টিক সম্পর্কের মতো কেউ আসেননি।
সানিয়ার ভাষায়, ‘আমার জীবনে সত্যিই তেমন কেউ নেই। আমি এখনও সিঙ্গেল। ভবিষ্যতে এমন কেউ আমার জীবনে আসবে কি না, জানি না।’
বর্তমানে নিজের কাজ ও ছেলে ইজহানকে নিয়েই ব্যস্ত সময় কাটছে সানিয়ার। খেলাধুলার প্রতি ভালোবাসা থেকে পিকলবল ও উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। পাশাপাশি নিজের ব্যবসাও সামলাচ্ছেন।
ক্যারিয়ারের ব্যস্ততার কারণে আগে ছেলেকে পর্যাপ্ত সময় দিতে পারতেন না সানিয়া। এখন সেই সময়টুকু পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ছেলের সঙ্গে সিনেমা দেখা, খেলাধুলা ও ঘুরে বেড়ানোর মধ্য দিয়েই কাটছে তাঁর অবসর।
শোয়েব মালিক নতুন করে সংসার শুরু করলেও আপাতত নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সানিয়া। নতুন সম্পর্ক নিয়ে কোনো তাড়াহুড়ো নেই তাঁর। ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত না নিয়ে বর্তমান সময়টুকু উপভোগ করতেই বেশি আগ্রহী এই টেনিস তারকা।
