‎অবৈধ বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদযাত্রা

‎
‎রাকিব মাজহার,জবি প্রতিনিধি:

‎অবৈধ বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা পদযাত্রা কর্মসূচি পালন করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে কাঁঠালতলা ও বিজ্ঞান অনুষদ অতিক্রম করে রায় সাহেব বাজার মোড় পর্যন্ত যায়।
‎
‎পদযাত্রায় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন— “জ্বালোরে জ্বালো আগুন জ্বালো, অবৈধ বাসস্ট্যান্ড থাকবে না”, “ওয়ান টু থ্রি ফোর বাসস্ট্যান্ড নো মোর”, “সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও”, “ক্যাম্পাস আর বাসস্ট্যান্ড একসাথে চলে না” ইত্যাদি।
‎
‎শিক্ষার্থীরা অভিযোগ করেন, বাহাদুর শাহ পার্ক ও আশপাশের এলাকায় অবৈধভাবে বাস পার্কিংয়ের কারণে বিশ্ববিদ্যালয় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরাফাত তুশিন বলেন, “দীর্ঘদিন ধরে এই বাসস্ট্যান্ড নানা অসুবিধার সৃষ্টি করছে। কয়েক দিন আগে আমাদের এক নারী শিক্ষার্থী বাস চাপায় গুরুতর আহত হয়েছেন। আমরা এই অবৈধ বাসস্ট্যান্ড স্থানান্তরের জোর দাবি জানাচ্ছি।”
‎
‎মিছিল শেষে রায় সাহেব বাজার মোড়ে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন বলেন, “একটি আদর্শ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে কোনো অবৈধ বাসস্ট্যান্ড থাকতে পারে না। এ স্থানকে কেন্দ্র করে চাঁদাবাজি ও মাদককারবার চলে। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে বারবার বৈঠক করেও সমাধান পাইনি। প্রশাসনকে জানিয়ে দিচ্ছি, আগামীকাল থেকে রায় সাহেব বাজার হয়ে কোনো বাস বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। শিক্ষার্থীদের দ্বারা বাস ক্ষতিগ্রস্ত হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।”
‎
‎পরে শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্ক হয়ে পুনরায় ক্যাম্পাসে প্রবেশ করে কর্মসূচি শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights