অস্ট্রেলিয়া ম্যাচে অনিশ্চিত যুক্তরাষ্ট্রের তারকা উইঙ্গার

অনলাইন ডেস্ক

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ডি’র দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিয়াটলে। তবে ম্যাচের আগে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিশ্চিয়ান পুলিসিচের ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র।

প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পায় যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে পুলিসিচ মাত্র ৪৫ মিনিট খেলেন, কিন্তু তাতেই তিনি ম্যাচে বড় প্রভাব ফেলেন। সপ্তম মিনিটেই তিনি ওয়েস্টন ম্যাককেনির জন্য গোলের সুযোগ তৈরি করেন, যার ফলে প্যারাগুয়ের ডিফেন্ডার দিয়ামান ববাডিলা আত্মঘাতী গোল করেন। পরে তিনি নিজে ফোলারিন বালোগুনকে পাস দিয়ে দ্বিতীয় গোলেও ভূমিকা রাখেন।

তবে প্রথম ম্যাচে হাফটাইমের পর আর মাঠে নামেননি পুলিসিচ। তার বাম পায়ের কাফ ইনজুরির কারণে তাকে বদলি করা হয়। এরপর থেকে তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইতালিয়ান ক্লাব এসি মিলানের এই তারকা মিডফিল্ডারকে বৃহস্পতিবারের অনুশীলনে দেখা যায়নি। তিনি সতীর্থদের সাথে হালকা সেশনে থাকলেও অনুশীলন করেননি এবং পরে জিমে চলে যান।

যুক্তরাষ্ট্রের কোচ জানিয়েছেন, পুলিসিচ এখনো উন্নতির পথে আছেন। সে ধীরে ধীরে ভালো হচ্ছে। আমরা দেখব সে প্রস্তুত কি না। যদি সে না খেলে, তাহলে পরের ম্যাচে ফিরতে পারে। সে দ্রুত সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এমন মুহূর্ত সব খেলোয়াড়ের জন্যই কঠিন, তবে তার মানসিকতা শক্ত এবং সে দ্রুত ফিরতে চায়।

দলের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি বলেন, ‘আশা করি সে খেলতে পারবে। সে সত্যিই খেলতে চায়, এবং স্টাফরাও তাকে ফিট করার চেষ্টা করছে।’

প্রথম ম্যাচে জয়ের পর যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় সুযোগ তৈরি হয়েছে। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে তারা ছয় পয়েন্ট নিয়ে আগেভাগেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে পারবে। এমনকি অস্ট্রেলিয়াকে হারালে এবং পরে তুরস্ক বনাম প্যারাগুয়ের ম্যাচে নির্দিষ্ট ফল এলে যুক্তরাষ্ট্র গ্রুপ চ্যাম্পিয়নও হতে পারে। গ্রুপে অবস্থান নির্ধারণ হবে প্রথমে পয়েন্টের ভিত্তিতে, এরপর সমতা হলে হেড-টু-হেড রেজাল্ট দেখা হবে।

গ্রুপ চ্যাম্পিয়ন হলে যুক্তরাষ্ট্র ১ জুলাই সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলবে অন্য গ্রুপের তৃতীয় স্থান পাওয়া দলের বিপক্ষে। সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বসনিয়া, ইকুয়েডর, সুইডেন, নরওয়ে বা আলজেরিয়া।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights