হরমুজ প্রণালিতে প্রবেশের আগে অনুমতি বাধ্যতামূলক, জানাল ইরান

অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য নতুন নিয়ম জারি করেছে ইরান। এখন থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে ঢোকার আগে সব জাহাজকে অনুমতির জন্য আবেদন করতে হবে। এই নির্দেশনা দিয়েছে পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ)।

নতুন নিয়ম অনুযায়ী, জাহাজ পরিচালনাকারীদের প্রণালিতে ঢোকার আগে কর্তৃপক্ষের ওয়েবসাইট বা সরকারি ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ঠিকভাবে করলে দ্রুত অনুমতি দেওয়া হবে।

প্রতিটি আবেদনে জাহাজের সঠিক যোগাযোগ তথ্য দিতে হবে। এছাড়া, প্রণালিতে পৌঁছানোর অন্তত ৪৮ ঘণ্টা আগে আবেদন জমা দিতে বলা হয়েছে। তা না হলে প্রবেশ বা বের হওয়ার সময় দেরি হতে পারে।

কর্তৃপক্ষ আরও বলেছে, জাহাজগুলোকে তাদের চলার পথ ও সময়সূচি আগেই সমন্বয় করতে হবে। কারণ, ওই এলাকায় এখনো মাইন বা বিস্ফোরক থাকার আশঙ্কা রয়েছে। নিরাপদ চলাচলের জন্য এই সমন্বয় খুব গুরুত্বপূর্ণ।

নির্দেশনায় বলা হয়েছে, চুক্তির অংশ হিসেবে নির্ধারিত ৬০ দিনের মধ্যে জাহাজ মালিকদের কাছ থেকে নিরাপত্তা, সুরক্ষা বা পরিবেশগত সেবার কোনো ফি নেওয়া হবে না। এমনকি সংশ্লিষ্ট বীমার খরচও ইরান সরকার বহন করবে।

তবে নিয়ম না মানলে এর দায় জাহাজ মালিকদের ওপর বর্তাবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি অনিশ্চয়তার মধ্যে এই নির্দেশনা জারি করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights