অস্থিরতা নিয়ন্ত্রণে জরুরি মজুদ থেকে তেল ছাড়ার কথা ভাবছে জি৭

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে অস্থির হয়ে পড়া বিশ্বের জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে জরুরি মজুদ থেকে তেল ছাড়ার কথা ভাবছে বিশ্বের প্রধান উন্নত অর্থনীতির দেশের ফোরাম জি৭।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জি৭ এর অর্থমন্ত্রীরা বিশ্বব্যাপী তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জরুরি স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকে তেল ছাড়ার বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন, যাতে মূল্য মূল্য নিয়ন্ত্রণে রাখা যায়। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রসহ তিনটি জি৭ দেশ এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।

ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে সোমবার এ বিষয়ে আলোচনা করবেন জি৭-ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা।

সূত্রের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, অর্থমন্ত্রীরা এবং আইইএ-এর নির্বাহী পরিচালক ফাতিহ একটি বিরল ফোনালাপে এ বিষয়ে আলোচনা করবেন।

আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম সম্প্রতি প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানি ও পরিবহন খরচের ওপর চাপ তৈরি করছে।

সূত্রের মতে, জরুরি মজুত থেকে তেল ছাড়ের পরিমাণ ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ব্যারেল পর্যন্ত হতে পারে, যা আইইএ’র মোট মজুতের প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ। সংস্থাটির তত্ত্বাবধানে জরুরি মজুত হিসেবে ১ দশমিক ২ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল সংরক্ষিত থাকে।

বিশ্লেষকরা বলছেন, জরুরি মজুদ থেকে তেল ছাড়া হলে সাময়িকভাবে বাজারে সরবরাহ বাড়াবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে। তবে এটি একটি অস্থায়ী সমাধান এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক কূটনৈতিক সমাধান অপরিহার্য। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, রয়টার্স, ওয়েল প্রাইস, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights