অ্যানথ্রপিকের রেকর্ড লোকসান, প্রথমার্ধেই ক্ষতি ৮০ বিলিয়ন ডলারের বেশি

অনলাইন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যানথ্রপিক চলতি ২০২৬ সালের প্রথম অর্ধে মারাত্মক আর্থিক লোকসানের মুখে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচিত একটি খসড়া বিবরণী (প্রোসপেক্টাস) থেকে জানা গেছে, বছরের প্রথম ছয় মাসে সান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠানের নিট লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৮০.৭ বিলিয়ন (৮ হাজার ৭০ কোটি) ডলারে।

মূলত নিজেদের বন্ড শেয়ারে রূপান্তরের বাজারমূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কারণেই এই বিশাল অংকের হিসাবগত ঘাটতি তৈরি হয়েছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) জন্য প্রস্তুত হওয়া কোম্পানিগুলোর একটি খসড়া প্রসপেক্টাস জমা দিতে হয়, সেখান থেকেই এই বিপুল লোকসানের চিত্রটি সামনে এসেছে।

সংস্থাটি আগামী নভেম্বর মাসেই শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে তাদের আইপিও ছাড়বে বলে গুঞ্জন রয়েছে। তবে এই সাম্প্রতিক আর্থিক বিবরণী সামনে আসার পর বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা সংশয় দেখা দিয়েছে। রয়টার্স তাদের আগের একটি প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছিল যে, সর্বশেষ আর্থিক তথ্য প্রকাশের পর অনেক বিনিয়োগকারীই এখন অ্যানথ্রপিকের সম্ভাব্য মূল্যায়ন কমিয়ে প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলারে নির্ধারণের বিষয়টি বিবেচনা করছেন।

গত বছরের প্রথম অর্ধে কোম্পানিটির লোকসানের পরিমাণ ছিল ১৩ বিলিয়ন ডলার। তার তুলনায় এবার লোকসান লাফিয়ে বেড়েছে। তবে বিশ্লেষকরা উল্লেখ করছেন, প্রায় ৮০.৭ বিলিয়ন ডলারের এই ঘাটতির বড় অংশই এসেছে একটি বিশেষ হিসাবগত ব্যয় থেকে। প্রোসপেক্টাসের তথ্য অনুযায়ী, অ্যানথ্রপিকের শেয়ারে রূপান্তরিত হতে পারে এমন বন্ডের আনুমানিক মূল্য বেড়ে যাওয়ার কারণে কোম্পানিটিকে ৭২ বিলিয়ন ডলারের হিসাবগত চার্জ গুণতে হয়েছে। এই ব্যয়টি মূলত হিসাবরক্ষণ সংক্রান্ত এবং এটি কোম্পানির প্রাত্যহিক পরিচালনা সংক্রান্ত বা নগদ পরিচালন ব্যয়ের কোনো অংশ নয়।

তবে এই বিশাল লোকসানের খতিয়ানটি এআই প্রযুক্তির আধিপত্য দখলের প্রতিযোগিতায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিপুল ব্যয়ের চিত্রকেই স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। সেই সাথে মাইক্রোচিপ এবং আধুনিক ডাটা সেন্টারে ঢালা হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ ভবিষ্যতে যথোপযুক্ত লভ্যাংশ বা মুনাফা এনে দিতে পারবে কি না, তা নিয়ে এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে খতিয়ে দেখছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। হিসাব অনুযায়ী, ক্লাউড সার্ভিস, কম্পিউটিং প্রযুক্তি এবং মূল অবকাঠামো নির্মাণ খাতে পরবর্তী এক দশকে অন্তত ৫১৮ বিলিয়ন ডলার খরচ করার বিশাল চুক্তি রয়েছে অ্যানথ্রপিকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights