অ্যাশেজে আবারও ডিআরএস বিতর্ক (ভিডিও)
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার দুর্গ হিসেবে পরিচিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অবশেষে ১৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে ইংল্যান্ড। বক্সিং ডে টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে সফরকারীরা।
অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে এই জয়ে নতুন করে উত্তেজনা ছড়াল ঐতিহ্যবাহী লড়াইয়ে। তবে পিচ বিতর্কের পাশাপাশি অ্যাশেজ সিরিজে ডিআরএস বিতর্কও চরমে। স্নিকোমিটার প্রযুক্তি নিয়ে আগের টেস্টেই বিতর্ক হয়েছে। এবার বিতর্কে তৃতীয় আম্পায়ারের একটি সিদ্ধান্ত। মেলবোর্নে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৮ রানের মাথায় আউট হন মার্নাশ লাবুশেন। কিন্তু তাঁর দাবি ছিল, জো রুট ক্যাচ ধরার আগে বল মাটি ছুঁয়েছে। যদিও তৃতীয় আম্পায়ার আউট দেন। তাতেই মেজাজ হারান লাবুশেন।
জশ টংয়ের বল লাবুশেনের ব্যাটের কানায় লেগে পিছনে যায়। প্রথম স্লিপে থাকা রুট সামনের দিকে ঝুঁকে ক্যাচ ধরেন। তিনি তালুবন্দি করার আগে বল মাটিতে লেগেছে কি না তা বোঝা যাচ্ছিল না। মাঠের আম্পায়ার আউট দিলেও লাবুশেন রিভিউ নেন। তৃতীয় আম্পায়ার ছিলেন পাকিস্তানের এহসান রাজা। তিনি বিভিন্ন দিক থেকে ক্যাচের রিপ্লে দেখেন। কোনো দিক থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল না যে, বল আগে মাটিতে লেগেছে, না সরাসরি হাতে গিয়েছে। যদিও রাজার মনে হয়েছে, বল মাটিতে পড়ার আগে তালুবন্দি করেছেন রুট। তাই আউটের সিদ্ধান্ত দেন তিনি।
জায়ান্ট স্ক্রিনে আউট লেখা দেখে মেজাজ ধরে রাখতে পারেননি লাবুশেন। চিৎকার করেন তিনি। বোঝা যাচ্ছিল, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেননি অজি ব্যাটার। অপর প্রান্তে থাকা ট্রাভিস হেডও অবাক হয়ে তাকিয়ে থাকেন। তিনিও এই সিদ্ধান্ত মানতে পারেননি।
এরকম একই ঘটনা ঘটেছিল এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে। হার্দিক পান্ডিয়ার বলে খোঁচা মারেন পাকিস্তানের ফখর জামান। বল যায় উইকেটরক্ষক সাঞ্জু স্যামসনের কাছে। তিনিও সামনের দিকে ঝুঁকে ক্যাচ ধরেন। ফখরের দাবি ছিল, তিনি আউট নন। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখেন। সেখানে বোঝা যাচ্ছিল না, ক্যাচ পরিষ্কার কি না। তার পরেও তৃতীয় আম্পায়ার ভারতের পক্ষেই সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি। বিশেষ করে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সমর্থকেরা প্রশ্ন তুলেছিলেন। সেই একই বিতর্ক এবার দেখা গেল অ্যাশেজে।
আগামী ৪ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে। সিরিজে ১-২ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
