পাকিস্তানের বেলুচিস্তানে সেনা অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত
অনলাইন ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।
শুক্রবার দেশটির আন্তঃবাহিনী অধিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
তারা বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোহলু জেলায় অভিযান চালানো হয়। সেনারা জানতে পারেন সেখানে ভারতের মদদপুষ্ট ফিতনা-ই-হিন্দুস্তানের সন্ত্রাসীরা অবস্থান করছে। অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়। ওই সময় পাঁচ সন্ত্রাসী নিহত হয়।
ওই স্থানে বিপুল বিস্ফোরক পাওয়া গেছে বলেও জানিয়েছে পাকিস্তান আইএসপিআর। আরও সন্ত্রাসী থাকতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে অভিযান অব্যাহত আছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
পাকিস্তানের সেনাবাহিনী গত কয়েকদিন ধরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অভিযান চালাচ্ছে। ফলে প্রতিদিনই সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য দিচ্ছে তারা। সূত্র: দ্য ন্যাশন
