আইসিসিবিতে শুরু দুটি আন্তর্জাতিক প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে নিরাপদ কোল্ড চেইন ব্যবস্থা ও গ্রিন টেক্সটাইল শিল্প নিয়ে দুটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী এ আয়োজন ঘিরে শিল্পোদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও দর্শনার্থীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
গতকাল আইসিসিবির নবরাত্রি হলে ‘সেইফ এইচভিএসিআর অ্যান্ড কোল্ড চেইন ২০২৬’-এর ১১তম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। একই দিন আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে ‘বাংলাদেশ-চায়না গ্রিন টেক্সটাইল এক্সপো’ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত প্রদর্শনী দুটি আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা জানান, এইচভিএসিআর (তাপ, বায়ু চলাচল, শীতাতপ নিয়ন্ত্রণ ও রেফ্রিজারেশন) এবং কোল্ড চেইন খাতের দেশিবিদেশি প্রতিষ্ঠানগুলো প্রদর্শনীতে অংশ নিয়েছে। চীন, মালয়েশিয়া, তুরস্ক, শ্রীলঙ্কাসহ ৯টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠান তাদের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরছে। অন্যদিকে গ্রিন টেক্সটাইল এক্সপোতে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠান, বিনিয়োগকারী এবং প্রযুক্তিবিদরা অংশ নিচ্ছেন। প্রদর্শনীতে পরিবেশবান্ধব ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি টেকসই শিল্পোন্নয়ন নিয়ে বিভিন্ন সেমিনার ও প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় সচল করতে সরকার চীনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা প্রত্যাশা করছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের শিল্প খাতের বিকাশে চীন সব সময়ই গুরুত্বপূর্ণ অংশীদার।’ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে চীন নিবিড়ভাবে কাজ করছে। বিশেষ করে গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়াতে চীন প্রস্তুত রয়েছে।’
