আইসিসিবিতে সুপার সেল কার বাজারের সময় বাড়ল ১ ঘণ্টা
অনলাইন ডেস্ক
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’। টানা চার সপ্তাহের সাড়া এবং ক্রেতা-বিক্রেতাদের আগ্রহের পর গতকাল শুক্রবার পঞ্চম সপ্তাহেও বসে গাড়ি কেনাবেচার এ আয়োজন।
গতকাল মেলায় নতুন সংযোজন হয়েছে এশিয়ান ইমপোর্ট’স-এর আমদানি করা নতুন গাড়ি। ক্রেতাদের মধ্যে নতুন গাড়ির পাশাপাশি পুরনো গাড়িতেও আগ্রহ বেড়েছে। এ কারণে মেলার সময় ও পরিধিও বেড়েছে। মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।
উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এই কার বাজার প্রতি শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে চলত সন্ধ্যা ৭টা পর্যন্ত। আয়োজকরা জানান, এক জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি দেখার ও কেনাবেচার সুযোগ থাকায় দিন দিন এই বাজারে মানুষের আগ্রহ বাড়ছে। ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়ায় মেলার সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
সুপার সেল কার বাজারে ঢুকতেই চোখে পড়ে সারি সারি গাড়ি।
এক পাশে নতুন গাড়ি, অন্য পাশে রিকন্ডিশন্ড গাড়ি। বিপরীত দিকে রাখা হয়েছে ব্যবহৃত গাড়ি। এসব গাড়ির অনেকগুলোই ব্যক্তিগত ব্যবহারে ছিল। পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার পরিকল্পনা নিয়ে গাড়িগুলো বাজারে এনেছেন মালিকরা। প্রথমে ১২৭টি গাড়ি নিয়ে মেলা শুরু হয়। গতকাল পঞ্চম সপ্তাহে গাড়ির সংখ্যা দাঁড়ায় ৩৬০-এ।
গতকাল বাজার ঘুরে দেখা যায়, কেউ নতুন গাড়ি কেনার জন্য খোঁজখবর নিচ্ছেন, আবার কেউ ব্যবহৃত গাড়ির বিভিন্ন দিক যাচাই করছেন। পছন্দের গাড়ি কিনতে যাওয়ার আগে অনেকে একাধিক গাড়ির মডেল, দাম ও সুযোগ-সুবিধা তুলনা করে দেখছিলেন। এবারের বাজারে সাড়ে ছয় লাখ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা দামের গাড়ি দেখা গেছে। গাড়ির দামের পাশাপাশি ক্রেতা আকর্ষণে বিভিন্ন অফারও রেখেছেন বিক্রেতারা।
এশিয়ান ইমপোর্ট’স-এর কর্মকর্তারা জানান, ক্রেতাদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে মেলায় এবার নতুন ইভি কার নিয়ে আসা হয়েছে। জাপানি ও চায়নিজ দুই ধরনের ইভি কার পাওয়া যাচ্ছে। এ ছাড়া রিকন্ডিশন্ড গাড়িও পাওয়া যাবে।
আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বলেন, ‘গত চার সপ্তাহে সফল আয়োজনের পর এখন আমাদের মেলা পঞ্চম সপ্তাহে চলছে। এরই মধ্যে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। গতকাল ৩৫০টিরও বেশি গাড়ি এসেছে। গত চার সপ্তাহের তুলনায় ক্রেতা-বিক্রেতার সাড়া বেশি থাকায় মেলার সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।’
