আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

–ক্রেতা-বিক্রেতা ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানকে একই ছাদের নিচে নিয়ে আসাই উদ্দেশ্য

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’। দেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। আর ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, ফেয়ার গ্রুপের হেড অব গ্রুপ মার্কেটিং তাসলিম কবির, বিওয়াইডি বাংলাদেশের হেড অব ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং ইমতিয়াজ নওশের, ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. ওয়াহেদ ইবনে শাহেদ, চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু নাসের মাহমুদ, উইজার্ড শোবিজের চেয়ারম্যান মো. ফয়েজ উল্লাহ, সিইও আরিফুজ্জামান রাসেল এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের শীর্ষস্থানীয় গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলার, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই ‘সুপার সেল কার বাজার’-এর মূল লক্ষ্য। এর মাধ্যমে ক্রেতারা নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার পাশাপাশি বিভিন্ন সেবা ও আর্থিক সুবিধা সম্পর্কে জানতে পারবেন। তাঁদের মতে দেশে অটোমোবাইলের বাজার দ্রুত সম্প্রসারিত হলেও ক্রেতা-বিক্রেতাদের জন্য নিয়মিত, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য একটি মার্কেটপ্লেসের প্রয়োজন রয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি অটোমোবাইল ব্যবসায়ী, ক্রেতা এবং সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ আরও বাড়াতে সহায়ক হবে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে সময়োপযোগী উদ্যোগ। এ আয়োজনের মাধ্যমে ক্রেতারা একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং সেগুলোর তুলনা করার সুযোগ পাবেন। অন্যদিকে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি শুক্রবারের এ আয়োজনে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকবে। সংবাদ সম্মেলনে অংশ নেওয়া অটোমোবাইল বিশেষজ্ঞ এবং কার ও বাইক কমিউনিটির প্রতিনিধিরাও উদ্যোগটির প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights