আইসিসির পরোয়ানা: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেফতার

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানার আওতায় গ্রেফতার হয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

মঙ্গলবার ম্যানিলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদকবিরোধী অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষ করে ম্যানিলা বিমানবন্দরে অবতরণের পরই দুতার্তেকে গ্রেফতার করা হয়।

আইসিসির তথ্যানুযায়ী, ৭৯ বছর বয়সী দুতার্তের বিরুদ্ধে ‘হত্যার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের’ অভিযোগ আনা হয়েছে। মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত এমন প্রমাণ ছাড়াই কয়েক হাজার দরিদ্র মানুষকে দুর্তাতের নির্দেশে ফিলিপাইনের কর্মকর্তারা হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “ভোরে ইন্টারপোল ম্যানিলা আইসিসির কাছ থেকে গ্রেফতারি পরোয়ানার আনুষ্ঠানিক কাগজটি হাতে পেয়েছে। এখন পর্যন্ত তিনি কর্তৃপক্ষের হেফাজতে আছেন।”

বিবৃতিতে আরও বলা হয়, “সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো আছে। সরকারি চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করছেন।” সূত্র: আল-জাজিরা, বিবিসি, সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights