আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার
আওয়ামী ফ্যাসিস্টদের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
(১৯ ইং নভেম্বর২০২৬ইং) সকালে কালিয়াকৈর উপজেলা সদর বাজার এলাকায় এ উপলক্ষে বিএনপি দলীয় কার্যালয় এবং কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং গাজীপুর জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনারুদ্দিনসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে বাস টার্মিনালে এসে সমাবেশে মিলিত হন।
অপরদিকে, একই ইস্যুতে কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিএনপি’র দলীয় কার্যালয়েও পৃথক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সহ-সভাপতি তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীনসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উভয় কর্মসূচিতে বক্তারা দেশব্যাপী চলমান নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।
