আদালতের রায়: শেয়ার বাজারে টুইটারের দরপতনে দায়ী মাস্ক
অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অধিগ্রহণকে কেন্দ্র করে আলোচিত মামলায় ধাক্কা খেলেন ইলন মাস্ক। ক্যালিফোর্নিয়ার একটি জুরি রায়ে বলা হয়েছে, তার মন্তব্যের কারণে ২০২২ সালে টুইটারের শেয়ার দাম পড়ে যায়। যে কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিনিয়োগকারীদের একটি দল অভিযোগ করেন, মাস্ক পরিকল্পিতভাবে প্রকাশ্যে টুইটারকে হেয় করে বক্তব্য দিয়েছিলেন। যাতে কোম্পানিটির শেয়ারদাম কমে যায়। সেই সুযোগে তিনি কম দামে এটি কিনতে পারেন। মামলাটি আমলে নিয়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালতে চলতি মাসের শুরুতে এই মামলার বিচার শুরু হয়।
মামলার শুনানিতে উঠে আসে, মাস্ক টুইটার কেনার সিদ্ধান্ত নিলেও পরে কয়েক মাস ধরে বিষয়টি ঝুলিয়ে রাখেন। দীর্ঘদিন ধরে তিনি ছয় নিয়মিত পোস্ট করতে থাকেন। যেসব পোস্টের বিষয়বস্তু ছিল টুইটারকে ছোট করা। তিনি সে সময় বলেন, টুইটার প্ল্যাটফর্ম ভুয়া অ্যাকাউন্ট ও বটে ভরা। এসব মন্তব্যের ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সেই সঙ্গে শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়ে দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমে যায়।
এরপর কয়েক মাস ধরে শেয়ারটি অস্থির অবস্থায় ছিল। মামলায় জড়িত বিনিয়োগকারীদের দাবি, তারা যখন মনে করেছিলেন এলন মাস্ক আর কোম্পানিটি কিনবেন না। যদিও পরবর্তী সময়ে মাস্ক তার আগের প্রস্তাব অনুযায়ীই প্রতিশেয়ার ৫৪.২০ ডলার দামে মোট প্রায় ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন। পরে কোম্পানিটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখা হয়।
পুরো বিচার চলাকালে মাস্ক সব অভিযোগ অস্বীকার করেন। তার আইনজীবীরা দাবি করেন, তিনি কেবল কোম্পানির বাস্তব সমস্যাগুলো তুলে ধরেছেন। এতে শেয়ারের দাম প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না। মাস্ক নিজেও আদালতে বলেন, তার মন্তব্য শেয়ারের দাম কমাবে, এটা তিনি বুঝতে পারেননি।
তবে তিন দিন ধরে আলোচনার পর জুরি বোর্ড রায় দেয়, মাস্কের কিছু মন্তব্য বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে এবং শেয়ারদাম পতনে ভূমিকা রেখেছে। জুরি প্রতিদিনের লেনদেনে তার বক্তব্যের প্রভাব হিসাব করেও দেখেছে। চারটি প্রতারণার অভিযোগের মধ্যে দুইটি প্রমাণিত হয়েছে। তবে জুরি বলেছে, মাস্ক কোনো সুপরিকল্পিত প্রতারণার ষড়যন্ত্রে জড়িত ছিলেন না।
বিনিয়োগকারীদের পক্ষে লড়া ক্যালিফোর্নিয়ার আইনজীবী মার্ক মোলুমফি বলেন, এই রায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সিকিউরিটিজ সংক্রান্ত জুরি রায় হতে পারে। এটি সবাইকে একটি কঠোর বার্তা দিয়েছে, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়’।
অন্যদিকে, ইলন মাস্কের আইনজীবী দল এক লিখিত বিবৃতিতে এই রায়কে ‘সাময়িক বাধা’ হিসেবে উল্লেখ করেছেন। তারা জানিয়েছেন, আপিলের মাধ্যমে তারা শিগগিরই নিজেদের নির্দোষ প্রমাণ করতে সক্ষম হবেন।
দেশটির শীর্ষস্থানীয় আইনজীবী প্রতিষ্ঠান আর্মস্ট্রং টিসডেলের সদস্য ও মামলাটির পর্যবেক্ষক মন্টে ম্যান বলেন, জুরি বোর্ড এ ক্ষেত্রে সূক্ষ্ম ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিতে সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, এ ধরনের মামলা মূলত তথ্য ও প্রেক্ষাপটের ওপর নির্ভর করে। তিনি আরও বলেন, বাজারকে প্রভাবিত করতে পারে এমন সব বক্তব্যই যে আইনি দায় তৈরি করবে, তা নয়। কিন্তু বক্তব্যের প্রেক্ষাপট, সময় ও উদ্দেশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জানা গেছে, এখনো মাস্কের জন্য ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ হয়নি। তবে এটি কয়েক বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
