আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে অভিভূত ইসিবি

ক্রীড়া প্রতিবেদক

আগামী বছরের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিন ওয়ানডে, তিন টি-২০ এবং দুই টেস্টের মূল লড়াইয়ে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। সেই ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল। মাঠের আধুনিক সুযোগসুবিধা ও অবকাঠামো দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন সফরকারী বোর্ডের কর্মকর্তারা।

পরিদর্শনকালে ইসিবির প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। প্রতিনিধিদলটি স্টেডিয়ামের মূল মাঠ ও উইকেট ছাড়াও ড্রেসিংরুম, অনুশীলন নেট, জিম, সুইমিংপুল, মিডিয়া বক্স, ব্রডকাস্টিং ও মেডিকেল সুবিধা এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখে।

পরিদর্শন শেষে ইংল্যান্ডের কর্মকর্তারা গণমাধ্যমের মুখোমুখি না হলেও তাদের সন্তুষ্টির কথা জানান বিসিবির কর্মকর্তা সৈয়দ আবদুল বাতেন। তিনি বলেন, ‘২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। তাদের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের জন্য আমরা মাঠটি দেখিয়েছি। ড্রেসিংরুম থেকে শুরু করে জিম, সুইমিংপুল ও নিরাপত্তাব্যবস্থা-সবকিছুই তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। বসুন্ধরার সুযোগসুবিধা সত্যিই অসাধারণ। তারা দেখে বেশ খুশি হয়েছেন, বলা যায় অভিভূত।’

ইংলিশ প্রতিনিধিদলের ইতিবাচক মনোভাবে ভেন্যু পাওয়ার বিষয়ে দারুণ আশাবাদী এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। তিনি জানান, ইসিবির কর্মকর্তারা ফিরে গিয়ে বোর্ডের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। ইমরুল হাসান বলেন, ‘তাদের সঙ্গে কথা বলে বুঝেছি, এখানকার অবকাঠামোয় তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। আমরা আশাবাদী, নির্ধারিত সময়ে ইংল্যান্ড দল এখানেই প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ব্যাপারে অন্তত কোনো সন্দেহের অবকাশ নেই।’ এর আগে বাংলাদেশ সফরে এসে এই আনভীর ক্রিকেট স্টেডিয়ামেই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবীয়দের পর এবার ইংল্যান্ডের মতো শীর্ষ দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের বিশ্বমানের সক্ষমতা প্রমাণের আরও একটি বড় সুযোগ পেতে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights