আন্তর্জাতিক কোচ হতে চান মুশফিক-মাহমুদউল্লাহ

ক্রিকেটার হিসেবে দীর্ঘ ক্যারিয়ারের পর এবার নতুন ভূমিকায় নিজেকে গড়ে তুলতে চান বাংলাদেশের দুই অভিজ্ঞ তারকা—মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। খেলোয়াড়ি অধ্যায়ের পর কোচিং ক্যারিয়ার শুরু করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে আমিনুল জানান, বিসিবিতে দায়িত্ব নেওয়ার আগেই মুশফিক ও মাহমুদউল্লাহ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা আন্তর্জাতিক পর্যায়ে কোচ হিসেবে কাজ করতে চান এবং এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন,”আমার সঙ্গে মুশফিক ও মাহমুদউল্লাহ যোগাযোগ করেছে, বিসিবিতে যোগ দেওয়ার আগেই। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। এজন্য আমরা কিছু এডুকেশন ও ট্রেনিং প্রোগ্রাম ক্রিকেট বোর্ডের মাধ্যমে চালু করার পরিকল্পনা করছি।”

ইতোমধ্যে মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। অন্যদিকে, মুশফিক টেস্ট ক্রিকেট চালিয়ে গেলেও সীমিত ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। সামনে হয়তো তিনিও সম্পূর্ণ বিদায় নিয়ে কোচিংয়ে মনোযোগ দেবেন।

এর আগে খালেদ মাহমুদ সুজন, রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক ক্রিকেটাররাও ঘরোয়া পর্যায়ে কোচ হিসেবে সফলতা পেয়েছেন। সেই পথেই হাঁটতে চান রিয়াদ-মুশফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights