আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে নোয়াখালীতে মতবিনিময় সভা
নোয়াখালী প্রতিনিধি
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস ২০২৬ উপলক্ষে শনিবার দিনব্যাপী নোয়াখালীতে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্পদের সুষম বণ্টনের জোরালো দাবি জানিয়েছেন।
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে জিক্যাপ, এনআরডিএস-এর যৌথ উদ্যোগে এনআরডিএস সেন্টার, নোয়াখালীতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উদীচীর সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে এবং এনআরডিএস-এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল-এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৈত্রী কৃষক সমিতির সভাপতি মনির আহমেদ, বাসদ (এম)-এর জেলা সমন্বয়ক বিটুল তালুকদার।
আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী আকবর হোসেন সোহাগ, আবু নাছের মঞ্জু ও জামাল হোসেন বিষাদ, আইনজীবী অ্যাডভোকেট মিজান তালুকদার, বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন, প্রাণ-এর নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, নারী অধিকারকর্মী রওশন আক্তার লাকী এবং তৃণমূল নারী প্রতিনিধি পান্না, খোদেজা আক্তার, শিরিন আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দারিদ্র্য মানুষের সার্বিক উন্নয়নের পথে প্রধান অন্তরায়। বিশ্বব্যাপী যুদ্ধের কারণে দেশে দেশে নতুন করে অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়েছে, যা দারিদ্র্য পরিস্থিতিকে আরও প্রকট করে তুলেছে।
দেশে অর্থনৈতিক বৈষম্যের এক চিত্র তুলে ধরে বক্তারা জানান, দেশে মাত্র ১০ ভাগ মানুষ মোট সম্পদের ৫৮.০৬ শতাংশের মালিক। এ বৈষম্য নিরসনে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার পাশাপাশি বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে দারিদ্র্য দূরীকরণে এবং স্বাবলম্বী স্থায়িত্বশীল সমাজ গঠনে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ মৌলিক মানবিক অধিকারগুলোর পূর্ণ নিশ্চয়তা প্রদান; কর্মসংস্থানের অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সবার সম-অধিকার নিশ্চিত করা; প্রতিটি পরিবারে পুরুষদের পাশাপাশি অন্তত একজন নারীর আত্মকর্মসংস্থান বা আয়ের ব্যবস্থার নিশ্চয়তা; এ ছাড়া দারিদ্র্য দূরীকরণে বসতবাড়ির আঙিনায় শাকসবজি চাষ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের মাধ্যমে প্রতিটি বাড়িকে একটি আদর্শ খামারবাড়িতে রূপান্তরিত করা এবং মানুষকে প্রত্যক্ষ আয়বর্ধক কাজে সম্পৃক্ত করার জোর তাগিদ দেওয়া হয়।
বক্তারা আহ্বান জানান, দারিদ্র্যমুক্ত ও সমতাভিত্তিক সমাজ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
