আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক
স্পেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের দুই মাসের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন মার্কোস ইয়োরেন্তে। মাত্র ৩১ বছর বয়সে জাতীয় দলের অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন এই স্প্যানিশ ফুটবলার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান ইয়োরেন্তে। স্পেনের হয়ে ছয় বছরে ২৭টি ম্যাচ খেলেছেন তিনি।

বিদায়ের সিদ্ধান্তের ব্যাখ্যায় ইয়োরেন্তে বলেন, ‘আমি জানি, আমি এখনও তরুণ। ভালো খেলা চালিয়ে গেলে এই জার্সিতে খেলার জন্য আমার সামনে আরও অনেক বছর ছিল। কিন্তু এটি ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেক ভেবেচিন্তে এবং সর্বোপরি হৃদয় থেকে এই সিদ্ধান্ত নিয়েছি।’

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া স্পেন দলের সদস্য ছিলেন ইয়োরেন্তে। তবে ফাইনালে তাঁকে মাঠে নামাননি কোচ। বিশ্বকাপ জয়ের পরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিলেন তিনি।

২০২০ সালের নভেম্বরে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে স্পেন জাতীয় দলে অভিষেক হয় ইয়োরেন্তের। সে সময় তিনি মূলত মিডফিল্ডার হিসেবে খেলতেন। পরের বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রাইট-ব্যাক হিসেবেও খেলেন তিনি। টুর্নামেন্টে চার ম্যাচে মাঠে নেমেছিলেন এই ফুটবলার।

চোটের কারণে কিছু সময় দলের বাইরে থাকলেও ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত তৎকালীন কোচ লুইস এনরিকের পরিকল্পনায় ছিলেন ইয়োরেন্তে। তবে শেষ ষোলো থেকে স্পেনের বিদায় এবং এনরিকের কোচের পদ ছাড়ার পর জাতীয় দলে তাঁর গুরুত্ব কমে যায়।

লুইস দে লা ফুয়েন্তে কোচ হওয়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন ইয়োরেন্তে। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও দলে ফেরেন তিনি। এরপর মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের যাত্রায় দলের সঙ্গী ছিলেন।

ক্লাব ফুটবলে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ইয়োরেন্তের বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। তাঁর সঙ্গে চুক্তি নবায়নের সম্ভাবনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights