মামলা থেকে মুক্তি পেলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক

সম্মতি ছাড়া যৌন ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় খালাস পেয়েছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার রাউল আসেন্সিও। বৃহস্পতিবার স্পেনের গ্রান কানারিয়া দ্বীপপুঞ্জের একটি আদালত তাকে অভিযোগ থেকে মুক্তি দেন।

আদালতে ভুক্তভোগীরা আসামিদের ক্ষমা করে দেওয়ার কথা জানানোর পর প্রসিকিউটররা আসেন্সিওর বিরুদ্ধে থাকা অভিযোগ প্রত্যাহার করে নেন। এরপর তার খালাসের পথ তৈরি হয়।

তিন বছর আগে দুই কিশোরীর (যাদের একজন অপ্রাপ্তবয়স্ক) যৌন ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে রিয়াল মাদ্রিদের যুব দলের সাবেক তিন ফুটবলারের বিরুদ্ধে। ওই তিনজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে শর্তসাপেক্ষে তাদের সাজা স্থগিত রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা নতুন কোনো অপরাধ না করলে কারাদণ্ড কার্যকর হবে না।

এই ঘটনায় আসেন্সিওর বিরুদ্ধে ভিডিও ধারণের অভিযোগ ছিল না; তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল ভিডিওটি ছড়িয়ে দেওয়ার।

মামলা থেকে মুক্তির এক দিন আগে অবশ্য অন্য একটি ঘটনায় শাস্তি পেয়েছেন ২৩ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে তাকে ১৪ হাজার ৪০০ ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি আট মাসের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিয়ো জানিয়েছেন, আসেন্সিওর বিরুদ্ধে ক্লাবের পক্ষ থেকে তদন্ত চলছে। তবে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দলের পরিকল্পনার অংশ হিসেবেই রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights