আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ইঙ্গিত দিয়েও পর্তুগালের দলে রোনালদো

অনলাইন ডেস্ক
২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে এখনো আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দেননি পর্তুগিজ এই কিংবদন্তি। এর মধ্যেই আসন্ন উয়েফা নেশন্স লিগের ম্যাচগুলোর জন্য রোনালদোকে রেখেই দল ঘোষণা করেছে পর্তুগাল।

শুক্রবার নতুন কোচ হোর্হে জেসুস প্রথমবারের মতো পর্তুগালের স্কোয়াড ঘোষণা করেন। ৪১ বছর বয়সী রোনালদোকে দলে রাখার বিষয়ে জেসুস বলেন, পারফরম্যান্সই খেলোয়াড়দের মাঠে নামার মূল ভিত্তি। তবে রোনালদোর আলাদা মর্যাদা রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

জেসুস বলেন, ‘সে ভালো খেললে খেলবে, ভালো না খেললে খেলবে না। আমি সবার ক্ষেত্রেই এভাবেই সিদ্ধান্ত নিই। তবে ক্রিসের মর্যাদা কি আলাদা? হ্যাঁ। তার ক্যারিয়ার অন্যদের চেয়ে আলাদা। তার পাঁচটি ব্যালন ডি’অর আছে। কিন্তু এসব কি আমার সিদ্ধান্তকে প্রভাবিত করে? না।’

বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। এরপর কোচের দায়িত্ব পান জেসুস। এর আগে সৌদি ক্লাব আল-নাসরে রোনালদোর সঙ্গে কাজ করেছেন তিনি। গত মৌসুমে দুজনের অধীনে লিগ শিরোপা জেতে আল-নাসর।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৬ গোলের মালিক রোনালদো এখন ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলকের পথে। বর্তমানে তার গোলসংখ্যা ৯৭৯। জেসুসের ধারণা, পর্তুগালের হয়ে নয়, আল-নাসরের হয়েই ১ হাজারতম গোল করতে পারেন রোনালদো।

২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে পর্তুগাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights