বিক্ষোভে উত্তাল ফ্রান্স: সবাইকে শান্ত থাকার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

অনলাইন ডেস্ক

স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাপনের ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। সাধারণ অহিংস প্রতিবাদ রূপ নিয়েছে সহিংস বিক্ষোভ ও লুটপাটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সবাইকে শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার (১৮ অক্টোবর) এলিসি প্রাসাদ থেকে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, বিক্ষোভকারীদের ‘ন্যায্য দাবির’ সঙ্গে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িতদের কর্মকাণ্ডের পার্থক্য করতে হবে।

তিনি বলেন, এ ধরনের লাগামহীন সহিংসতার কোনো যৌক্তিকতা নেই। এতে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে।

সবাইকে শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘আমরা সবাই ক্ষোভ ও লজ্জা অনুভব করছি।’

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সহিংসতার ঘটনায় প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে গত এক মাসে ফ্রান্সে আহত হয়েছেন ১ হাজারেরও বেশি পুলিশ সদস্য ও কর্মকর্তা।

রবিবারও রাজধানী প্যারিস ও লিয়নের কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ এবং লুটপাটের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, প্যারিসে শত শত মানুষের ওপর কাঁদানে গ্যাস ও শব্দসৃষ্টিকারী গ্রেনেড নিক্ষেপ করা হয়। বিক্ষোভকারীদের একাংশও পুলিশকে লক্ষ্য করে বোতল ও পাথর ছোড়ে। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights