আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ডেকে নিয়ে প্রলোভন দেখিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারী ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাতে সদর ও কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেসময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নুর নেহার, কুলফাডাঙ্গা গ্রামের মসলেম মন্ডলের ছেলে আজিম মন্ডল, করাতিপাড়া গ্রামের স্ত্রী জাহানারা বেগম ও কালীগঞ্জের রাকরা গ্রামের আব্দুল জলিলের মেয়ে রুহানী আক্তার শিলা।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহীন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ ও কালীগঞ্জের নারী-পুরুষের একটি চক্র বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে মোবাইলের মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করতো। পরে তাদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে আসছিল।
এ চক্র গত কয়েকদিন আগে সদর উপজেলার কুলফাডাঙ্গা গ্রামের হারুন অর রশিদের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখায়। পরে মহারাজপুর ইউনিয়নের ইউপি সদস্য নুর নেহার ও সাবেক ইউপি সদস্য জাহানারা বেগম তার কাছে ১ লাখ ১৯ হাজার টাকা দাবি করে। এর মধ্যে ৫৯ হাজার টাকা আদায় করে নেয় তারা। পরে আরও টাকা দাবি করলে ভুক্তভোগী জেলা পুলিশ সুপার আজিম-উল আহসানের কাছে লিখিত অভিযোগ দেন।
এ পরিপ্রেক্ষিতে উপ-পরিদর্শক আবু সায়েমের নেতৃত্বে শুক্রবার রাতে ঝিনাইদহের বিষয়খালী ও কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
