আপনাদের শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু পাশে থাকবো : এস এম জিলানী
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, সনাতনী ভাই-বোনেরা যাতে বিনা বাধায় নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সেজন্য আমি তাদের শান্তি ও নিবাপত্তায় আমৃত্যু পাশে থাকবো। মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ শুয়াগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এসএম জিলানী বলেন, সনাতনী ভাই-বোনেরা যাতে বিনা বাধায় নির্বিঘ্নে শত ভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমি সে জন্য কাজ করবো। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আমি বলতে চাই, আপনাদের শান্তি ও নিবাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন। এ জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সব ধর্মীয় অনুষ্ঠানে আমাকে আপনাদের পাশে পাবেন। নির্বাচনে আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আমি আর একটু আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে এই কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি মাদক মুক্ত, আধুনিক কোটালীপাড়া গড়ে তুলবো।
মতুয়া শ্রী পরেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সনাতন ধর্মীয় এ আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
