হারানো টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত চা-দোকানির

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চা-দোকানি জুবায়ের মিয়া (৪২)। তাঁর আন্তরিকতা ও নৈতিকতার কারণে হারিয়ে যাওয়া ১ লাখ ৫৭ হাজার টাকা ফিরে পেয়েছেন এক বৃদ্ধ।

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি ভাঙ্গা পৌরসভার একটি চায়ের দোকানে ভুলে টাকার ব্যাগ ফেলে যান আলগী ইউনিয়নের শাহ মুল্লুকদী গ্রামের মিরাজ শেখ (৬৬)। তিনি হৃদরোগে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ নিতে ভাঙ্গায় এসে ফেরার পথে জুবায়ের মিয়ার দোকানে চা পান করেন। পরে অসাবধানতাবশত টাকার ব্যাগটি সেখানেই রেখে বাড়ি ফিরে যান। এরপর ব্যাগটি পেয়ে জুবায়ের মিয়া প্রকৃত মালিককে খুঁজে বের করতে পরদিনই নিজ খরচে মাইকিং করান। বিষয়টি জানানো হয় ভাঙ্গার সহকারী কমিশনারকেও (ভূমি)।

মাইকিংয়ের খবর শুনে মিরাজ শেখ বুঝতে পারেন তিনি ওই দোকানেই টাকার ব্যাগটি ফেলে এসেছিলেন। এর আগে তিনি জানতেনই না টাকা কোথায় হারিয়েছে। এই চিন্তায় তাঁর অসুস্থতাও বেড়ে যায়। গতকাল বেলা ১১টার দিকে সহকারী কমিশনারের কার্যালয়ে প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপনের পর মিরাজ শেখের হাতে পুরো টাকা তুলে দেওয়া হয়।

জুবায়ের মিয়া বলেন, ‘সততার সঙ্গে জীবনযাপন আমার লক্ষ্য। তাই প্রকৃত মালিককে খুঁজে বের করতে মাইকিং করি। প্রকৃত মালিকের হাতে টাকা তুলে দিতে পেরে আমি আনন্দিত।’ টাকা পেয়ে মিরাজ শেখ বলেন, ‘এই টাকা আমি বহু কষ্টে চিকিৎসার জন্য সঞ্চয় করেছি। হারিয়ে যাওয়ায় খুব ভেঙে পড়েছিলাম। ভাবিনি কেউ এত বড় অঙ্কের টাকা ফিরিয়ে দিতে মাইকিং করবে।’ সহকারী কমিশনার সাদরুল আলম বলেন, ‘জুবায়ের মিয়া সততার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের হাতে টাকা তুলে দিতে পেরে আমরা আনন্দিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights