আপসের শর্তে মীম ও তার স্বামীর জামিন

অনলাইন ডেস্ক

পাবনা পৌর যুব মহিলা লীগের সহসভাপতি (সদ্য বহিষ্কৃত) আফসানা মিম ও তার স্বামী ওবাইদুল্লাহ। সংগৃহীত ছবি

পাবনা পৌর যুব মহিলা লীগের সহসভাপতি (সদ্য বহিষ্কৃত) মীম খাতুন ওরফে আফসানা মীম ও তার স্বামী মো. ওবাইদুল্লাহ’র জামিন মঞ্জুর করেছে আদালত।

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত শুনানি শেষে আপসের শর্তে এ জামিন মঞ্জুর করে।
একদিনের রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. রোমেন মিয়া। এসময় আসামিপক্ষ তাদের জামিন চেয়ে আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী আদালতকে বলেন, মামলার বাদীর সঙ্গে তাদের আপস মীমাংসা হয়ে গেছে। বিচারক বাদী মনিরুজ্জামানের কাছে জানতে চান, জামিন দিলে কোনো আপত্তি আছে কি- না। তখন আপত্তি নেই জানালে বিচারক বাদীকে লিখিত দিতে বলেন। পরে আপসের শর্তে তিন হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করে আদালত।

এর আগে বৃহস্পতিবার শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করে।

জানা গেছে, ওবাইদুল্লাহ নামে এক ব্যক্তিকে দুলাভাই হিসেবে মামলার বাদী মনিরুজ্জামানের সঙ্গে পরিচয় করে দেন মীম। পরে বিভিন্ন সময়ে ব্যবসার কথা বলে বাদীর কাছ থেকে ১৩ লাখ ১৭ হাজার টাকা নেন মীম ও ওবাইদুল্লাহ। বিশ্বাস করে দলিল ছাড়া লেনদেন হলেও পরে দলিল করতে চাইলে তারা টালবাহানা শুরু করেন। পাওনা টাকা ফেরত দেবেন না বলে তারা বাদীকে হুঁশিয়ারি দেন এবং তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দেখান।

এ ঘটনায় আটঘড়িয়া উপজেলার যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান বাবু বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় এ মামলা করেন। মামলার পর পাবনা জেলা শহর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights