আবারও চ্যাম্পিয়ন মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক
সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ। নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে আবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের দল। গতকাল কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা উৎসবে মেতেছেন সাবিনা খাতুনরা। এ শিরোপায় নতুন ইতিহাসও লিখে ফেললেন বাংলার মেয়েরা। পুরুষ জাতীয় দল না পারলেও মেয়েরা টানা দুবার শিরোপা জয়ের রেকর্ড গড়লেন। ২০২২ সালে এ দশরথ স্টেডিয়ামেই নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফে চ্যাম্পিয়ন হয় নারী জাতীয় দল। ২০২৪ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি। সেই নেপালকে হারিয়েই ট্রফি জিতে দেশে ফিরছেন সাবিনারা।

গেলবার সহজভাবে জিতলেও ফাইনালে এবার উত্তাপ ছিল অন্যরকম। সন্ধ্যায় ম্যাচ হলেও দুপুর থেকেই দর্শক স্টেডিয়ামে ঢুকতে থাকেন। পুরো গ্যালারি ভরে যায়। স্বাভাবিকভাবেই পুরো গ্যালারি ছিল নেপালের দর্শকের দখলে। বল পেলেই তারা চিৎকার করে মাঠ কাঁপিয়ে দেন। তবে কোনো কিছুই চাপে ফেলতে পারেনি বাংলার মেয়েদের। চ্যাম্পিয়নরা শুরু থেকেই চ্যাম্পিয়নের মতো খেলতে থাকেন। তবে ভয়ও কাজ করছিল বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। কেননা, আগেরবার ঘরের মাঠে হেরে শিরোপা জিততে পারেনি নেপাল। প্রতিশোধ নিতে স্বাগতিকরা মরণকামড় দেবেন এ নিয়ে সংশয় ছিল না। বাংলার মেয়েরা সে সুযোগ দেননি। প্রতিটি পজিশনে সতর্ক থেকেই লড়েছেন। অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা, মনিকা, তহুরা, আফিদিরা ম্যাচ নিয়ন্ত্রণে রাখেন। যদিও প্রথমার্ধে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

দ্বিতীয়ার্থে শুরু থেকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৫২ মিনিটে সফলও হয়। সাবিনা, তহুরার কাছ থেকে বল পেয়ে গোল করেন মনিকা চাকমা। অবশ্য ৫৬ মিনিটে ম্যাচে সমতা ফেরায় নেপাল। আমিশা গোলটি করেন। এরপর কিছুক্ষণ প্রাধান্য বিস্তার করে খেলতে থাকেন স্বাগিতকরা। বিশেষ করে সাবিত্রা বল নিয়ে বিপজ্জনক এলাকায় ঢুকে পড়েছিলেন। ৮১ মিনিটে পুরো গ্যালারি নীরব হয়ে যায়। ঋতুপর্ণা চমৎকার গোল করে বাংলাদেশকে এগিয়ে রাখেন। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২২ সালে ৩-১ গোলে জিতেছিল। এবার ব্যবধান ২-১। বাংলাদেশের পাশাপাশি ইতিহাস লিখে ফেললেন সাবিনাও। তাঁরই নেতৃত্বে টানা দুবার অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
বাংলাদেশ টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়ন হওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মেয়েদের অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানসহ অনেকে অভিনন্দন জানিয়েছেন। আজই দেশে ফিরছে চ্যাম্পিয়ন নারী জাতীয় দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights