আমতলীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে জমির দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে ২ নারীসহ ৫ জন আহত হয়েছে। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

জানা গেছে, আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের শহিদুল গাজী ও নিজাম দর্জির মধ্যে ২৫ শতাংশ জমি নিয়ে প্রায় ৮ বছর ধরে বিরোধ চলে আসছে। এই জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। আজ শনিবার দুপুরে নিজাম দর্জি লোকজন নিয়ে শহিদুল গাজীর দখলে থাকা ওই জমি দখল করতে যায়। ওই সময় শহিদুল গাজী তার লোকজন নিয়ে বাধা দিলে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শহিদুল গাজী (৪৫), তার স্ত্রী শাহিনুর বেগম (৩৫), বোন রোকসানা (২৭) এবং শহীদুল গাজীর ছেলে মাসুদ গাজী (১৮) গুরুতর আহত হয়। অপরপক্ষে নিজাম দর্জি (৩৫) আহত হয়।

আহতদেরকে তাদের স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখোয়াত হোসেন তপু বলেন, ওই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights