আমার ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট

২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট অভিষেক। এরপর ২৫ বছর পেরিয়েছে। আইসিসি থেকে বাংলাদেশ দশম টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা পেয়েছিল ২৬ জুন, ২০০০ সালে। দীর্ঘ পথ চলায় বাংলাদেশ এখন টেস্ট খেলুড়ে দেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেস্ট অভিষেকের রজতজয়ন্তী পালন করবে। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। তার নেতৃত্বে রজতজয়ন্তী পালন করবে বিসিবি। অভিষেক টেস্টের অন্যতম সদস্য ও ওপেনার মেহরাব হোসেন অপি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স কাটাছেঁড়া করেছেন। বাংলাদেশ প্রতিদিনের জন্য সাক্ষাৎকারটি নিয়েছেন আসিফ ইকবাল
অভিষেক টেস্টে আগের রাতে আপনার কেমন কেটেছিল?

মেহরাব হোসেন অপি : টেস্ট খেলব ভেবে ভীষণ উত্তেজিত ছিলাম আমি। টেস্ট খেলব, এটা ভাবতেই শরীরে কাঁটা দিয়ে উঠেছিল আমার। তার ওপর যখন শুনলাম ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলব, অসম্ভব ভালো লেগেছিল। ভারতে তখন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলীদের মতো কিংবদন্তি ক্রিকেটার ছিলেন। কল্পনা করতেও কষ্ট হচ্ছিল মুহূর্তগুলো। যখন মাঠে নামলাম, এত দর্শক দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল।

পুরো দলের আবহটা বলবেন?

মেহরাব হোসেন অপি : টেস্ট খেলার কথা ভেবে সেদিন রাতে সবাই খুবই উত্তজিত ছিল। একটা উৎসবমুখর পরিবেশ ছিল দলের মধ্যে।

অভিষেক টেস্টে আমিনুল ইসলাম বুলবুলের ১৪৫ রানের ইনিংসটিকে কী বলবেন?

মেহরাব হোসেন অপি : অসাধারণ ব্যাটিং করেছিলেন বুলবুল ভাই। ১৪৫ রানের ইনিংসটি ছিল পিওর টেস্ট ইনিংস। ওই সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে একটা বার্তা দিয়েছিলেন বুলবুল ভাই।।

ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটকে কোথায় দেখতে চান?

মেহরাব হোসেন অপি : গত ২৫ বছরে টেস্ট ক্রিকেটে যথেষ্ট উন্নতি করেছে বাংলাদেশ। ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে ধারাবাহিকভাবে ৫-৬ নম্বরে দেখতে চাই।

বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটার কে?

মেহরাব হোসেন অপি : গত ২৫ বছরে অনেক ভালো ভালো ব্যাটার এসেছেন। মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো ব্যাটার রয়েছেন। তবে আমার দেখা বাংলাদেশের সেরা ব্যাটার মুশফিক। অসাধারণ মানসিক দৃঢ়তা তার।

সেরা টেস্ট বোলার?

মেহরাব হোসেন অপি : পেস বোলিংয়ে মাশরাফি বিন মর্তুজা। স্পিনে মো. রফিক। সব মিলিয়ে সাকিব আল হাসান।

টেস্টে বাংলাদেশের সেরা ইনিংস কোন ক্রিকেটারের?

মেহরাব হোসন অপি : অনেক ক্রিকেটারের অনেক ইনিংস রয়েছে উল্লেখ করার মতো। তবে বুলবুল ভাইয়ের ১৪৫ রানের ইনিংসটির কথা বলতেই হবে। মুশফিকের ডাবল সেঞ্চুরিগুলোর কথা বলতে হবে।

সেরা বোলিং স্পেল?

মেহরাব হোসেন অপি : অনেক স্পেলের কথা বলা যায়। আলাদা করে বলতে হলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টজয়ী ম্যাচে এনামুল জুনিয়রের বোলিং।

আপনার দৃষ্টিতে বাংলাদেশের সেরা টেস্ট জয় কোনটি?

মেহরাব হোসেন অপি : আমরা এখন নিয়মিত জিতছি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তানকে হারাচ্ছি। তারপরও আমি বলব টেস্ট ক্রিকেটে আমাদের সেরা জয় ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয়টি। আমাদের শততম টেস্টটি জয়টির কথাও আলাদা করে বলতে হবে।

আপনার টেস্ট ক্যারিয়ার…

মেহরাব হোসেন অপি : আমার টেস্ট ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। এখন মনে হয় এটুকুই আমার প্রাপ্তি। তবে আরও কিছু টেস্ট হয়তো খেলতে পারতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights