সিডনির সৈকতে হামলা: বাবা-ছেলের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা মেলেনি
অনলাইন ডেস্ক
সিডনির বন্ডি সৈকতে হামলায় হতাহতের ঘটনায় দুই বন্দুকধারীর সঙ্গে কোনো বৃহত্তর সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা পায়নি অস্ট্রেলিয়ান পুলিশ। মঙ্গলবার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কমিশনার ক্রিসি ব্যারেট জানান, সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম গত নভেম্বর মাসের বেশিরভাগ সময় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দাভাও সিটিতে কাটিয়েছেন। এরপর তারা ২৯ নভেম্বর অস্ট্রেলিয়ায় ফিরে আসেন।
ফিরে আসার প্রায় দুই সপ্তাহ পর, ১৪ ডিসেম্বর বন্ডি সৈকতে ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হনুকা উদযাপন চলাকালে তারা হামলা চালায়। এতে ১৫ জন নিহত হন ও ৪০ জন আহত হন।
ব্যারেট বলেন, ফিলিপাইনের পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, দাভাও সিটিতে অবস্থানকালে তারা খুব কমই হোটেল থেকে বাইরে বের হয়েছিলেন।
ব্যারেট আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশিক্ষণ নেওয়ার কিংবা কোনো অস্ত্র বা সরঞ্জাম-সংক্রান্ত প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘শুধু বাবা-ছেলে মিলেই কাজটি করেছে বলে ধারণা করা হচ্ছে। তারা কোনো বৃহত্তর সন্ত্রাসী চক্রের অংশ ছিল বা অন্য কারও নির্দেশে হামলা চালিয়েছে, এমন কোনো প্রমাণও নেই।’
তিনি স্পষ্ট করেন, আমি এটাও বলতে চাই না, তারা সেখানে পর্যটনের উদ্দেশ্যে গিয়েছিল। তবে ১ নভেম্বর থেকে শুরু হওয়া তাদের ফিলিপাইন সফরের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে ব্যারেট বিস্তারিত ব্যাখ্যা দেননি।
হামলাকারীদের একজন নাভিদ আকরাম সৈকতে হামলার সময় পুলিশের গুলিতে আহত হন। তাকে কারাগারে পাঠানোর আগে হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা দেওয়া হয়। ওই দিন ঘটনাস্থলেই তার বাবা সাজিদ আকরাম মারা যান।
সূত্র: ইউরো নিউজ
