আমিরের মন্তব্যে নতুন বিতর্ক, থ্রি ইডিয়টস ও সোনম ওয়াংচুক প্রসঙ্গ আবার আলোচনায়
অনলাইন ডেস্ক
অভিনেতা আমির খান অবশেষে শিক্ষা সংস্কারক ও অধিকারকর্মী সোনম ওয়াংচুকের চলমান অনশন প্রসঙ্গে মুখ খুলেছেন। একই সঙ্গে দীর্ঘদিনের প্রচলিত সেই ধারণাও নাকচ করেছেন যে, থ্রি ইডিয়টস চলচ্চিত্রে তাঁর অভিনীত র্যাঞ্চো চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত।
লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এক আলোচনায় আমির বলেন, থ্রি ইডিয়টস নির্মাণের সময় তিনি বা ছবিটির লেখকেরা সোনম ওয়াংচুককে চিনতেন না। তাই র্যাঞ্চো চরিত্রটি তাঁর জীবন থেকে নেওয়া এমন ধারণা সঠিক নয়। তবে তিনি সোনম ওয়াংচুকের কাজের প্রশংসা করেন এবং তাঁর স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত অনশন শেষ করার আশা জানান।
তবে এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই দাবি করছেন, থ্রি ইডিয়টস মুক্তির পর দীর্ঘদিন ধরেই র্যাঞ্চো চরিত্রের সঙ্গে সোনম ওয়াংচুকের মিল নিয়ে আলোচনা ছিল। অথচ এত বছর পর এসে আমিরের এই ব্যাখ্যা প্রশ্নের জন্ম দিয়েছে।
এ নিয়ে পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র বিশ্লেষক অরিত্র তাঁর সাম্প্রতিক এক ভিডিওতে সমালোচনা করেছেন। তাঁর দাবি, চলচ্চিত্রটি মুক্তির পর বহু বছর ধরে প্রচলিত এই ধারণা নিয়ে আপত্তি না তুলে এখন আমির খানের অবস্থান বদলে ফেলা বিতর্ককে আরও উসকে দিয়েছে। তাঁর এই মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে এই চলচ্চিত্র সমালোচক আমির খানকে ‘স্পাইনলেস এক্টর’ হিসেবে আখ্যায়িত করেন।
লন্ডনের ওই অনুষ্ঠানে আমির বলেন, ‘না, আসলে এটি সত্য নয়। এটি একটি ভুল ধারণা। আমরা যখন থ্রি ইডিয়টস সিনেমাটি তৈরি করছিলাম, তখন আমি সোনম সাহেবের বিষয়ে জানতাম না।’
তিনি আরও বলেন, ‘তাকে সম্মান করার জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ নয় যে, তিনি থ্রি ইডিয়টস-এর কোনো চরিত্রের ভিত্তি ছিলেন কি না। আমি শুধু তথ্যের দিকটি পরিষ্কার করতে চেয়েছি।’
সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমির বলেন, ‘তার স্বাস্থ্য ও জীবন নিয়ে আমরা সবাই খুব উদ্বিগ্ন। আমরা আশা করছি, বিষয়টির পরিণতি ভালো হবে। আমরা সবাই চাই তিনি যেন তার অনশন শেষ করেন।’
এর আগে থ্রি ইডিয়টস-এ চতুর রামালিঙ্গম চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্যও সোনম ওয়াংচুকের প্রতি সমর্থন জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, অনেকের বিশ্বাস, ছবির ফুনসুখ ওয়াংডু চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকেই অনুপ্রাণিত। একই সঙ্গে তিনি সোনমের স্বাস্থ্যের অবনতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
বর্তমানে সোনম ওয়াংচুক ভারতের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁর এই আন্দোলনের প্রতি ইতোমধ্যে ভারতের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা সমর্থন জানিয়েছেন।
