আম্মানে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

জর্ডান প্রতিনিধি

জর্ডানের আম্মানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সেখানে বাংলাদেশ দূতাবাসে এক গোলটেবিল বৈঠক ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন জর্ডানে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত উইলফ্রেডো সি সান্তোস, জর্ডানের শ্রম মন্ত্রণালয়ের ডিরেক্টর (নন-জর্ডানিয়ান ডোমেস্টিক ডিরেক্টর) ফায়েজ আল জাব্বর, পিবিআই আকাবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সিওও মা’মোন আল-কুসোস, জর্ডানস্থ মাস ক্রিদা আল সাফি’র কান্ট্রি হেড দিলান্থ্রা জায়ারাত্নে। এছাড়া জর্ডানে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা এই আলোচনায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ দূতাবাস আম্মানের আয়োজনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে রাষ্ট্রদূত নাহিদা সোবহান জর্ডানে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জাতীয় প্রবাসী দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। সকল প্রবাসী বাঙালির পরিশ্রম ও ত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই। এই প্রবাসী দিবসে জর্ডানে কর্মরত সকল বাংলাদেশি প্রবাসী কর্মীকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানাচ্ছি। আপনাদের এই রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে। বিধায় আপনারা বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের উন্নয়ন যাত্রার গর্বিত অংশীদার হবেন, এই আশা রাখছি।

জর্ডানে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত উইলফ্রেডো সি সান্তোস বলেন, “বাংলাদেশ ও ফিলিপাইন জর্ডানে কর্মক্ষম জনশক্তি সরবরাহে অন্যতম। আমরা সকল প্রবাসী শ্রমিকের শ্রম ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। এছাড়া জর্ডান সরকারের পক্ষ থেকে প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ ও সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ আশা করছি।”

জর্ডানের শ্রম মন্ত্রণালয়ের ডিরেক্টর (নন-জর্ডানিয়ান ডোমেস্টিক ডিরেক্টর) ফায়েজ আল জাব্বর জানান, “আমরা প্রবাসী শ্রমিকদের কৃতজ্ঞতা জানাচ্ছি। জর্ডানের সম্ভাবনাময় পোশাক খাতে প্রবাসী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। আমরা সবসময় তাদের পাশে আছি ও তাদের অধিকার নিশ্চিতের বিষয়ে বদ্ধপরিকর।”

এছাড়া অনুষ্ঠানে পিবিআই আকাবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সিওও মা’মোন আল-কুসোস বাংলাদেশি শ্রমিকদের অবদান নিয়ে প্রশংসা করেন এবং জর্ডানস্থ মাস ক্রিদা আল সাফি’র কান্ট্রি হেড দিলান্থ্রা জায়ারাত্নে শ্রমিকদের প্রতি আন্তরিক ও সদয় হওয়ার জন্য সকলকে অনুরোধ জানান।

মাস ক্রিদা আল সাফি তে কর্মরত বাংলাদেশি শ্রমিক রুমা আকতার জানান, “আমি ৫ বছর থেকে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি। আল্লাহররহমতে আমি এই দেশে ভালোই আছি। আমাদের ম্যানেজমেন্ট খুবই আন্তরিক ও অনেক সহায়ক। আমি বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।”

বিশেষ অতিথি ছাড়াও অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাষ্ট্রদূত তাদের সাথে কুশল বিনিময় করেন। দুপুরের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights