আরবাইন তীর্থযাত্রার ফাঁকে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে আরাগচির বৈঠক
অনলাইন ডেস্ক
পবিত্র কারবালায় আরবাইন তীর্থযাত্রার ফাঁকে ইরাকের ঊর্ধ্বতন রাজনৈতিক ও প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে তীর্থযাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) কারবালায় আরবাইন শোকানুষ্ঠান চলাকালে ইরাকের বদর অর্গানাইজেশনের মহাসচিব হাদি আল-আমিরির সঙ্গে সাক্ষাৎ করেন আরাগচি।
এ ছাড়া কারবালার গভর্নর নাসিফ জসিম আল-খাত্তাবি এবং বসরার গভর্নর আসাদ আল-ঈদানির সঙ্গেও পৃথক বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকগুলোতে বার্ষিক আরবাঈন তীর্থযাত্রায় ইরাকে যাতায়াতকারী লাখো তীর্থযাত্রীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আন্তঃপ্রাদেশিক ও আন্তঃসীমান্ত সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
তীর্থযাত্রীদের সুশৃঙ্খল যাতায়াত এবং বিশ্বের অন্যতম বৃহৎ এই বার্ষিক ধর্মীয় সমাবেশ সফলভাবে আয়োজন নিশ্চিত করতে ইরান ও ইরাকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ধারাবাহিক সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়। তথ্যসূত্র: তাসনিম নিউজ।
