জুলাই গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মুন্সীগঞ্জ কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক ইরাদত হোসেন, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা প্রশাসনের কর্মকর্তা, জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা আমির, জেলা এনপিপির আহ্বায়ক, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের প্রধান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভায় বক্তারা জুলাই অভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং তাদের আদর্শ ও চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া, সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
