আর্সেনাল ম্যাচে আলভারেজ-সরলথকে নিয়ে অনিশ্চয়তায় সিমিওনে

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে (ফিরতি লেগ) মঙ্গলবার রাতে আর্সেনালের বিপক্ষে মাঠে নামছে আতলেতিকো মাদ্রিদ। ডু অর ডাই ম্যাচের আগে লস রোজিব্ল্যাঙ্কোস শিবিরে দেখা দিয়েছে চোট আতঙ্ক। হুলিয়ান আলভারেজ ও আলেক্সজান্ডার সরলথের খেলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে।

ঘরের মাঠ মেত্রোপলিতানোতে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আতলেতিকো। সেই ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজের পেনাল্টি থেকে সমতাসূচক গোলে হার এড়ায় স্বাগতিকেরা। ম্যাচের ৭৭তম মিনিটে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন আরভারেজ।

চোট গুরুতর না হলেও আলভারেজকে বিশ্রাম দিতে শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিগ ম্যাচে নামাননি সিমিওনে। হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করার কারণে সেই ম্যাচে ছিলেন না সরলথও। দুজনই আজকের ম্যাচের প্রাথমিক দলে রয়েছেন। যদিও তারা শুরুর একাদশে খেলতে পারবেন কি না সে বিষয়ে শতভাগ নিশ্চিত নন সিমিওনে।

আতলেতিকো কোচ বলেন, তারা কিছুটা অনুশীলন করেছে। আগের চেয়ে ভালো বোধ করছে। আমরা আশা করছি তারা খেলতে পারবে। আলভারেজ ইংলিশ লিগ সম্পর্কে খুব ভালো জানে, আশা করি সে দলের চাহিদা অনুযায়ী পারফর্ম করতে পারবে।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে রয়েছেন আলভারেজ। আতলেতিকোর প্রথম খেলোয়াড় হিসেবে মৌসুমে ১০ গোল করার রেকর্ড গড়েছেন তিনি। এর আগে একক মৌসুমে এই মাইলফলক স্পর্শ করতে পারেননি ক্লাবটির আর কোনো ফুটবলার। প্রথম লেগে গোল করার মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে ৪১ ম্যাচে আলভারেজের গোলসংখ্যা এখন ২৫টি।

লন্ডনে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এই ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ অথবা বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির। সেমিফাইনালের অন্য ম্যাচে প্রথম লেগে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে পিএসজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights