‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

অনলাইন ডেস্ক
কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েও অঙ্গরাজ্যের সুবিধা নিতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের চলমান বাণিজ্য বিরোধের মধ্যেই রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কানাডার সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি। খবর আনাদোলুর।

ট্রাম্প তার পোস্টে বলেন, ‘কানাডা অঙ্গরাজ্য না হয়েও অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায়।’ একই সঙ্গে মার্কিন কৃষিপণ্যের ওপর কানাডার উচ্চ শুল্ক আরোপের অভিযোগ তুলে তিনি বলেন, দেশটি বহু বছর ধরে মার্কিন কৃষকদের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছে। তার ভাষ্য, এখন আর তা চলতে দেওয়া হবে না।

এদিকে, বাণিজ্য বিরোধের জেরে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সিদ্ধান্ত কানাডাকে ‘ক্ষতিগ্রস্ত ও বিভক্ত’ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তিনি ওয়াশিংটনের পদক্ষেপকে ‘একটি ভুল হিসাব’ আখ্যা দিয়ে আগামী ৮ সেপ্টেম্বর থেকে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের অঙ্গীকার করেছেন।

কার্নি আরও বলেন, যুক্তরাষ্ট্র এমন কিছু দাবি তুলেছে, যা অটোয়ার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। এ কারণে কানাডা ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে বলেও জানান তিনি।

অন্যদিকে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার কানাডার বিরুদ্ধে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া একটি বাণিজ্য চুক্তি থেকে সরে যাওয়ার অভিযোগ করেছেন। তার দাবি, ওই চুক্তি কার্যকর হলে মার্কিন বাজারে কানাডার রপ্তানির ওপর শুল্ক আরও কমে যাওয়ার সুযোগ ছিল।

দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যে বাণিজ্য বিরোধ নতুন মাত্রা পেয়েছে। এর মধ্যেই কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সুবিধা নেওয়ার অভিযোগ তুলে ট্রাম্পের মন্তব্য দুই দেশের সম্পর্কের চলমান টানাপোড়েনকে আরও সামনে নিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights