রোভার্স এফসিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে

স্পোর্টস ডেস্ক
এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার অংশ নিয়ে শেষ ম্যাচটা দারুণভাবে রাঙাল বাংলাদেশের চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স। তহুরা খাতুনের হ্যাটট্রিকে গুয়ামের রোভার্স এফসিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছেগোলাম রব্বানী ছোটনের দল।

মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রাজশাহী। পরের ধাপে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে গেলেও শেষ ম্যাচে বড় জয় তুলে নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশের নারী লিগের চ্যাম্পিয়নরা।

ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যায় রাজশাহী। ডিফেন্ডার শামসুন্নাহারের দূরপাল্লার শট সামলাতে গিয়ে রোভার্সের গোলরক্ষক দেসেহা মেন্দিওলার ভুলে বল নিজেদের জালে জড়িয়ে যায়।

১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। সুলতানার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে সহজ টোকায় জালে পাঠান তিনি। সাত মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে রাজশাহীকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তহুরা।

বিরতির পরও থামেনি রাজশাহীর গোল উৎসব। ৫২তম মিনিটে মনিকা চাকমার পাস থেকে কোনাকুনি শটে গোল করেন স্বর্ণা রানী। এক মিনিট পরই ব্যবধান ৫-০ করেন মনিকা নিজেই।

এরপর ৬০তম মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। দুর্দান্ত পারফরম্যান্সে দলের বড় জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন এই ফরোয়ার্ড।

শেষ দিকে আরও দুই গোল করে ব্যবধান বাড়ায় রাজশাহী। ৭১তম মিনিটে গোল করেন শামসুন্নাহার সিনিয়র। যোগ করা সময়ে শেষ গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। শেষ পর্যন্ত ৮-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের দলটি।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরেছিল রাজশাহী। পরের ম্যাচে সাবাহ এফসির কাছে ২-১ গোলে হেরে পরের ধাপে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায় তাদের।

তবে শেষ ম্যাচে বিশাল জয় দিয়ে প্রথম এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ করল রাজশাহী স্টার্স। আর দলের এই বড় জয়ে হ্যাটট্রিক করে স্মরণীয় হয়ে থাকলেন তহুরা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights