আলোচনা নয়, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুঙ্কার ইরানের

অনলাইন ডেস্ক

যুদ্ধ প্রায় শেষের পথে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার সব সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান।

একই সঙ্গে যুদ্ধের এই পর্যায়ে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুঙ্কার দিয়েছে তেহরান।

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি এক কড়া বার্তায় জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কূটনীতির জন্য বর্তমানে আর কোনও জায়গা অবশিষ্ট নেই।

তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ইরানের সেনাবাহিনী একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশটির শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তার এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে আলোচনার চেয়ে সংঘাতের পথই এখন বেশি প্রবল।

খারাজির এই অবস্থান তেহরানের অনমনীয় মনোভাবকেই ফুটিয়ে তুলেছে, যা এই অঞ্চলে দীর্ঘস্থায়ী সামরিক অস্থিরতার আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে সংঘাতের প্রভাবে বিশ্ব বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। গোল্ডম্যান স্যাকস সতর্ক করেছে যে, হরমুজ প্রণালীতে সরবরাহ স্বাভাবিক না হলে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে ১৫০ ডলারে পৌঁছাতে পারে। ইতোমধ্যে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় ৮০ শতাংশ কমে গেছে এবং বহু তেলবাহী ট্যাংকার সমুদ্রে আটকা পড়েছে। সূত্র: আল-জাজিরা, মেহের নিউজ, সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights